সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে ভারত মহাসাগরের গুরুত্ব অপরিসীম। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’ (আইওআরএ)-এর মন্ত্রী পরিষদের বৈঠকে এমনই মন্তব্য করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নের অনুকূল পরিবেশ বজায় রাখা সদস্য দেশগুলির সম্মিলিত দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, “ভারত মহাসাগর বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ এবং অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্রবিন্দু। এটি অপরিসীম বৈচিত্র্য, সম্ভাবনা এবং অভিন্ন চ্যালেঞ্জেরও একটি অঞ্চল। এই অঞ্চলটি যাতে শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ এবং উন্নয়নের অনুকূল থাকে, তা নিশ্চিত করাই আমাদের সম্মিলিত দায়িত্ব।”
ভারতের সামুদ্রিক ও আঞ্চলিক কূটনীতির রূপরেখা তুলে ধরে জয়শঙ্কর জানান, আইওআরএ-র প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি এবং এই সংস্থায় ভারতের সভাপতিত্ব পরিচালিত হচ্ছে ‘ভিশন মহাসাগর’-এর আদর্শে। ‘মহাসাগর’ বা ‘মিউচুয়াল অ্যান্ড হলিস্টিক অ্যাডভান্সমেন্ট ফর সিকিউরিটি অ্যান্ড গ্রোথ অ্যাক্রস রিজিয়নস’-এর মূল লক্ষ্য হল বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা ও প্রবৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতা এবং সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা।
বিদেশমন্ত্রী আরও জানান, ভারতের পূর্ববর্তী ‘সাগর’ (সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজিয়ন) নীতির ওপর ভিত্তি করেই ‘ভিশন মহাসাগর’ গড়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করাই এই নীতির অন্যতম উদ্দেশ্য।
কূটনৈতিক মহলের মতে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের এই কৌশল বিশেষ তাৎপর্যপূর্ণ। ‘সাগর’ থেকে ‘মহাসাগর’-এ উত্তরণের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
No Comment! Be the first one.