খাদ্যশস্য উৎপাদনে ভারতের নয়া রেকর্ড, ৩৭৮.৫৩ মিলিয়ন টনে পৌঁছল উৎপাদন

কৃষকবান্ধব নীতি ও উন্নত বীজ-প্রযুক্তির সুফল মিলেছে বলে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : খাদ্যশস্য উৎপাদনে নতুন ইতিহাস গড়ল ভারত। ২০২৫-২৬ কৃষিবর্ষে দেশে মোট খাদ্যশস্য উৎপাদন পৌঁছেছে ৩৭৮.৫৩ মিলিয়ন টনে। যা আগের বছরের তুলনায় ২০.৮ মিলিয়ন টন বেশি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। খাদ্যশস্যের পাশাপাশি চাল উৎপাদনেও নতুন নজির গড়েছে দেশ।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, ২০২৫-২৬ সালের খাদ্যশস্য উৎপাদনের চূড়ান্ত হিসাব অনুযায়ী, দেশের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। মোট খাদ্যশস্য উৎপাদন সর্বকালীন রেকর্ড স্পর্শ করেছে। একই সঙ্গে দেশে চালের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৫৫.১৫ মিলিয়ন টনে, যা আগের বছরের তুলনায় ৪.৯৭ মিলিয়ন টন বেশি।

পুষ্টিকর শস্য উৎপাদনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন শিবরাজ সিং চৌহান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ‘শ্রী অন্ন’ বা মিলেটের উৎপাদন পৌঁছেছে ৭৪.০৮ লক্ষ টনে। অন্যদিকে, ডালের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৭২.৪ লক্ষ টনে। গত বছর দেশে ডাল উৎপাদনের পরিমাণ ছিল ২৫৬.৮৩ লক্ষ টন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ডালের উৎপাদন বেড়েছে ১৫.৫৭ লক্ষ টন।

কৃষিমন্ত্রী জানান, ডাল উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি হলেও দেশ এখনও অভ্যন্তরীণ চাহিদা সম্পূর্ণভাবে মেটাতে সক্ষম হয়নি। তবে উৎপাদন বৃদ্ধির ফলে বিদেশ থেকে ডাল আমদানির পরিমাণ কমেছে।

ভারতীয়দের খাদ্যতালিকায় প্রোটিনের অন্যতম প্রধান উৎস হিসেবে ডালের গুরুত্ব তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদনকারী দেশ হওয়ার পাশাপাশি অন্যতম বৃহৎ আমদানিকারক দেশও।

শিবরাজ সিং চৌহানের মতে, কেন্দ্রের কৃষকবান্ধব নীতি, উন্নত মানের বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ফলেই খাদ্যশস্য উৎপাদনে এই ঐতিহাসিক সাফল্য এসেছে।

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

Read More