ইমরানের জোটবার্তার মধ্যেই ফজলুরের বাড়ি ঘিরল পুলিশ, উত্তপ্ত পাকিস্তান

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ: ফের রাজনৈতিক অস্থিরতা বাড়ছে পাকিস্তানে। এবার জামিয়াত উলেমা-এ-ইসলামের প্রধান মওলানা ফজলুর রহমানের লাহোরের বাড়ি ঘিরে ফেলল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দুপুরে আচমকা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় তাঁর বাড়ির চারপাশে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ফজলুর রহমানের বিরুদ্ধে প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী দলগুলিকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনে আগ্রহ প্রকাশ করেছেন। এই লক্ষ্যে ফজলুর রহমানের দল জামিয়াত উলেমা-এ-ইসলামসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার মধ্যেই ফজলুরের বাড়ি ঘিরে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

অভিযোগ, ফজলুর রহমানকে তাঁর বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার লাহোরে আইনজীবীদের একটি সভায় তাঁর বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু প্রশাসনিক বিধিনিষেধের কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। তাঁর বাড়ির সামনে কন্টেনার রেখে যাতায়াতের পথও আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি বাড়ির ভিতরে কাউকে প্রবেশ করতে কিংবা বাইরে বের হতেও দেওয়া হচ্ছে না।

প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন ফজলুর রহমান। লাহোরের আদালতে দায়ের করা আবেদনে দাবি করা হয়েছে, কোনও বৈধ আইনি নির্দেশ ছাড়াই তাঁর বাসভবনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে তাঁর চলাফেরার স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে একটি জনসভায় সেনাপ্রধান আসিম মুনিরকে নিশানা করেছিলেন ফজলুর রহমান। তিনি বলেছিলেন, ‘রাজনীতি করতে চাইলে উর্দি ছেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। তাহলেই বোঝা যাবে, উর্দিধারীরা কত মানুষের ভোট পান।’ পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন তিনি। ফলে বর্তমান পরিস্থিতির সঙ্গে তাঁর সেনাবিরোধী অবস্থানের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে প্রশাসনের পদক্ষেপের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, ইমরান খানের দীর্ঘদিনের কারাবাস নিয়েও পাকিস্তানের রাজনৈতিক মহলে অসন্তোষ বাড়ছে। শাসক জোটের শরিক বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টিও এই বিষয়ে সরব হয়েছে। মঙ্গলবার করাচির রাজপথেও প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে।

এই পরিস্থিতিতে বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনার ইমরানের উদ্যোগ পাকিস্তানের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। সম্ভাব্য বিরোধী জোট গঠনের আগেই ফজলুর রহমানের বাড়ি ঘিরে প্রশাসনিক তৎপরতা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। আগামী দিনে বিরোধী শিবির কী অবস্থান গ্রহণ করে এবং আদালতই বা কী নির্দেশ দেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

Read More