সকাল সকাল ডেস্ক
দুবাই: দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে জরুরি সংকেত পাঠানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আভিভের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়া এফজেড১০৭৩ উড়ানটি শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানের যাত্রী ও কর্মীরা নিরাপদে রয়েছেন।
ফ্লাইট ট্র্যাকিং সংক্রান্ত তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি সৌদি আরবের আকাশসীমায় পৌঁছনোর পর প্রথমে ‘৭৭০০’ স্কোয়াক কোড পাঠায়। আন্তর্জাতিক বিমান চলাচলে এই কোড সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই ‘৭৫০০’ কোড পাঠানো হয়। এই সংকেত সাধারণত বিমানে বেআইনি হস্তক্ষেপ বা সম্ভাব্য ছিনতাইয়ের পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। ফলে বিমানটি হাইজ্যাক করা হয়েছে কি না, তা নিয়ে প্রাথমিকভাবে উদ্বেগ তৈরি হয়।
বিষয়টি সামনে আসতেই ইজরায়েলের নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর নজরদারি শুরু করে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইজরায়েলি বিমান বাহিনীও তৎপর হয়। পরিস্থিতি নিয়ে ইজরায়েলের শীর্ষ পর্যায়েও আলোচনা শুরু হয় বলে খবর।
তবে পরবর্তী সময়ে প্রকাশিত প্রতিবেদনে বিমান ছিনতাইয়ের আশঙ্কা খারিজ করা হয়। ‘টাইমস অফ ইজরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি হাইজ্যাক ছিল না। ঠিক কী কারণে ‘৭৫০০’ জরুরি সংকেত পাঠানো হয়েছিল, তা নিয়ে অবশ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি।
কয়েকটি সূত্রে ককপিটে পাইলটদের মধ্যে বিবাদ বা অপ্রীতিকর পরিস্থিতির জেরে জরুরি সংকেত সক্রিয় হওয়ার দাবি করা হয়েছে। তবে এই দাবির আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত না হওয়ায় ঘটনার প্রকৃত কারণ নিয়ে তদন্ত চলছে।
শেষ পর্যন্ত বিমানটি তার নির্ধারিত গন্তব্য তেল আভিভের পরিবর্তে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। প্রাথমিক খবর অনুযায়ী, বিমানে থাকা যাত্রী ও কর্মীদের কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেল আভিভগামী একটি বিমানের ‘৭৫০০’ সংকেত পাঠানোর ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি করে। তবে ছিনতাইয়ের আশঙ্কা খারিজ হওয়ার পর এখন নজর রয়েছে, ঠিক কোন পরিস্থিতিতে জরুরি সংকেত পাঠানো হয়েছিল এবং কেন বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়, তার আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকে।
No Comment! Be the first one.