পুজোর আগে চিনির দামে স্বস্তির উদ্যোগ, পাইকারি দর বেঁধে দিল রাজ্য

সকাল সকাল ডেস্ক

কলকাতা: উৎসবের মরশুমের আগে চিনির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে বাজারে হস্তক্ষেপ করল রাজ্য সরকার। পাইকারি বাজারে চিনির সর্বোচ্চ দাম কেজি প্রতি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের আশা, আগামী এক সপ্তাহের মধ্যে এর প্রভাব খুচরো বাজারেও দেখা যাবে। পরিবহণ ও অন্যান্য খরচ যোগ করে খুচরো বাজারে কেজি প্রতি চিনি ৫৩ থেকে ৫৫ টাকার মধ্যে পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

গত কয়েক মাস ধরে চিনির দাম ক্রমশ বেড়েছে। বর্তমানে খুচরো বাজারের কোনও কোনও জায়গায় কেজি প্রতি প্রায় ৭০ টাকা পর্যন্ত দরে চিনি বিক্রির অভিযোগ রয়েছে। পুজোর আগে মিষ্টি-সহ বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা বাড়ায় দাম আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে কৃষি বিপণন দপ্তর ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করে।

কৃষি বিপণনমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, গত এক মাস ধরে চিনি দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। ৩, ৫ এবং ১১ সেপ্টেম্বর ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকারি আধিকারিকরা আলোচনা করেন। বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানোই ছিল আলোচনার মূল বিষয়।

এরপর পাইকারি বাজারে চিনির সর্বোচ্চ দর কেজি প্রতি ৫০ টাকা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই দাম অন্তত তিন মাস অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সরকার। নির্ধারিত দামে চিনি সরবরাহে ব্যবসায়ীদের সমস্যা এড়াতে লজিস্টিক সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

ডানকুনি রেক পয়েন্ট থেকে ৫০ কিলোমিটারের মধ্যে সরকারি নিয়ন্ত্রিত বাজার কমিটির গোডাউনে চিনি খালাসের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সুফল বাংলা স্টল এবং রেগুলেটেড মার্কেট কমিটির মাধ্যমে সেই চিনি সাধারণ মানুষের কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে। পুজোর আগেই সুফল বাংলা স্টলে চিনি পাওয়ার কথা।

পাইকারি ও খুচরো বাজারে নিয়মিত নজরদারি চালাবেন সরকারি আধিকারিকরা। কৃত্রিমভাবে দাম বাড়ানো বা মজুতদারির অভিযোগ মিললে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

একই সঙ্গে পেঁয়াজের দাম নিয়েও নজরদারি বাড়াচ্ছে প্রশাসন। খুচরো বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকার মধ্যে পৌঁছনোয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে পেঁয়াজ সংরক্ষণের জন্য রাজ্যে ১০টি কোল্ড স্টোরেজ তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More