সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : প্রথম সারির সেমি-কন্ডাক্টর ও বৈদ্যুতিন সম্মেলন এবং প্রদর্শনী সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর পঞ্চম সংস্করণ আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নতুন দিল্লির যশোভূমিতে অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনে ভারতের ক্রমবর্ধমান সেমি-কন্ডাক্টর ও বৈদ্যুতিন পরিমণ্ডলের অগ্রগতি এবং সম্ভাবনাকে তুলে ধরা হবে।
ইন্ডিয়া সেমি-কন্ডাক্টর মিশন, কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং এসইএমআই যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এসইএমআই হল সেমি-কন্ডাক্টর ও বৈদ্যুতিন নকশা এবং নির্মাণক্ষেত্রের একটি বৈশ্বিক শিল্প সংস্থা। সেমিকন ইন্ডিয়া ২০২৬-এ বিশ্বের বিভিন্ন প্রান্তের সেমি-কন্ডাক্টর ও বৈদ্যুতিন সংস্থা, শিল্প নেতৃত্ব, নীতি নির্ধারক, বিনিয়োগকারী, গবেষক, শিক্ষাবিদ, স্টার্ট-আপ এবং ছাত্রছাত্রীরা এক মঞ্চে উপস্থিত থাকবেন।
সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময়, নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং ভারতের সেমি-কন্ডাক্টর ও বৈদ্যুতিন পরিমণ্ডলের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবারের সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর মূল ভাবনা হল—‘সিলিকন টু সিস্টেমস : বিল্ডিং দ্য ইকো-সিস্টেম’।
ভারতের সেমি-কন্ডাক্টর যাত্রায় সেমিকন ইন্ডিয়া ২০২৬-কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব সেমি-কন্ডাক্টর মূল্যশৃঙ্খলে ভারতকে আরও গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সম্মেলন নির্ণায়ক ভূমিকা নিতে পারে।
যশোভূমিতে আয়োজিত তিনদিনের এই সম্মেলনে ৬০০-রও বেশি প্রদর্শনকারী অংশ নেবেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০টি আন্তর্জাতিক সংস্থা থাকবে। পাশাপাশি ছ’টি দেশের প্যাভিলিয়ন এবং ১২টি রাজ্যস্তরের প্যাভিলিয়নে বিভিন্ন স্টার্ট-আপ ও ছাত্রছাত্রীদের হ্যাকাথন প্রদর্শন করা হবে। এই প্যাভিলিয়নগুলিতে প্রায় ৪০টি স্টার্ট-আপ জায়গা পাবে।
এছাড়াও একটি বিশেষ প্যাভিলিয়নে মহিলাদের একটি ফোরাম এবং মহিলা শ্রমশক্তিকে তুলে ধরা হবে। এর মাধ্যমে সেমি-কন্ডাক্টর ও বৈদ্যুতিন শিল্পে মহিলাদের অংশগ্রহণ এবং তাঁদের অবদানকে বিশেষভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
No Comment! Be the first one.