সংগ্রামের স্মৃতি আগলে রেখেছেন মিঠুন, আজও বাড়িতে সেই হলুদ গাড়ি

সকাল সকাল ডেস্ক

মুম্বইয়ে তখন মাথা গোঁজার নিজস্ব জায়গাটুকুও ছিল না। চলচ্চিত্রজগতে নিজের পরিচিতি তৈরি করার লড়াই সবে শুরু। সেই কঠিন সময়ে একটি হলুদ ভক্সওয়াগেন বিটলই কিছু দিনের জন্য হয়ে উঠেছিল মিঠুন চক্রবর্তীর আশ্রয়। সময় বদলেছে। মিঠুন হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ। কিন্তু জীবনের শুরুর দিনের স্মৃতি বহন করা সেই পুরনো গাড়িটি আজও সযত্নে আগলে রেখেছেন অভিনেতা।

সম্প্রতি মুম্বইয়ে মিঠুনের বাড়ি ঘুরে দেখানোর সময় তাঁর ছেলে নমশি চক্রবর্তী ওই গাড়ির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা জানান। বাড়ির বিভিন্ন অংশ এবং পরিবারের পোষ্যদের কথা বলতে বলতেই তিনি দেখান পুরনো হলুদ ভক্সওয়াগেন বিটলটি।

নমশির কথায়, মিঠুন যখন প্রথম মুম্বইয়ে এসেছিলেন, তখন তাঁর নিজস্ব কোনও থাকার জায়গা ছিল না। সেই সময় ১৫ দিনেরও বেশি ওই গাড়ির মধ্যেই কাটিয়েছিলেন তিনি। কার্যত গাড়িটিই হয়ে উঠেছিল তাঁর অস্থায়ী ঠিকানা।

তাই এটি মিঠুনের কাছে শুধুমাত্র একটি পুরনো গাড়ি নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের কঠিন লড়াই এবং প্রতিষ্ঠা পাওয়ার আগের দিনগুলির স্মৃতি। নমশি জানিয়েছেন, মিঠুন একসময় প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন গাড়িটিও তাঁর কাছেই থাকবে।

বয়সের ভারে গাড়িটি এখন আর চলার অবস্থায় নেই। সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোও যায় না। তা সত্ত্বেও সেটিকে অবহেলায় পড়ে থাকতে দেননি অভিনেতা। প্রয়োজন অনুযায়ী মেরামত করিয়ে যতটা সম্ভব ভাল অবস্থায় রাখার চেষ্টা করা হয়।

নমশির অনুমান, ভক্সওয়াগেন বিটলটির বয়স প্রায় ৫০ বছর। গাড়িটি ১৯৭৬ সালের হলে তার সঙ্গে মিঠুনের চলচ্চিত্রজীবনের শুরুর সময়েরও এক অদ্ভুত যোগ রয়েছে। ওই বছরেই ‘মৃগয়া’ ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে আত্মপ্রকাশ করেন তিনি।

নমশি জানিয়েছেন, তিনি নিজেও মাত্র একবার ওই গাড়িতে বসেছেন। বাবার জন্মদিন উপলক্ষে একটি রিল তৈরির সময় গাড়িটির ভিতরে বসেছিলেন তিনি।

একদিন যে গাড়ি ছিল মুম্বই শহরে মিঠুনের মাথা গোঁজার আশ্রয়, আজ সেটিই তাঁর দীর্ঘ পথচলার স্মারক। খ্যাতি ও সাফল্যের বহু বছর পরেও তাই পুরনো হলুদ গাড়িটি চক্রবর্তী পরিবারের কাছে নিছক একটি যানবাহন নয়, বরং মিঠুনের সংগ্রাম থেকে প্রতিষ্ঠার যাত্রার নীরব সাক্ষী।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More