সেলফি তুলতে গিয়ে আলিয়ার দেহরক্ষীর ধাক্কা ভক্তকে, ভাইরাল ভিডিও ঘিরে ক্ষোভ

সকাল সকাল ডেস্ক

মুম্বই : তারকাদের সঙ্গে ছবি তোলার জন্য অনুরাগীদের উৎসাহ নতুন নয়। কিন্তু অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এক অনুরাগীকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হল। অভিযোগ, আলিয়ার কাছে এগিয়ে যেতেই তাঁর এক ব্যক্তিগত দেহরক্ষী ওই অনুরাগীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে সমালোচনা।

সম্প্রতি নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘ডোন্ট বি সাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া। অনুষ্ঠান শেষে তিনি যখন বেরিয়ে আসছিলেন, তখন এক অনুরাগী তাঁর সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে যান। সেই সময় আলিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি তাঁকে সরিয়ে দেন। মুহূর্তটির ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেহরক্ষীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

অনেকের বক্তব্য, তারকাদের জনপ্রিয়তার পিছনে অনুরাগীদের বড় ভূমিকা রয়েছে। ফলে তাঁদের সঙ্গে এমন আচরণ কাম্য নয়। আবার কেউ কেউ তারকাদের সঙ্গে ছবি তোলার জন্য অতিরিক্ত উৎসাহ নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে অনুরাগীদের সঙ্গে আলিয়ার আচরণ নিয়ে অতীতে ভিন্ন ছবিও দেখা গিয়েছে। ২০২৪ সালে বিমানবন্দরে এক অনুরাগী তাঁর সঙ্গে সেলফি তুলতে এগিয়ে এলে নিরাপত্তারক্ষীদের একজন ওই ব্যক্তির জামা ধরে সরানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি নজরে আসতেই আলিয়া নিরাপত্তারক্ষীকে কাউকে স্পর্শ না করার নির্দেশ দেন। পরে ওই অনুরাগীকে ডেকে তাঁর সঙ্গে ছবি তোলেন অভিনেত্রী।

ফলে সাম্প্রতিক ঘটনায় আলিয়া নিজে বিষয়টি লক্ষ্য করেছিলেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। অনুষ্ঠানের ভিড় এবং ব্যস্ততার মধ্যে ঘটনাটি তাঁর নজর এড়িয়ে গিয়ে থাকতে পারে বলেও মত অনুরাগীদের একাংশের।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে প্রযোজনার কাজেও ব্যস্ত আলিয়া। তাঁর প্রযোজিত ‘ডোন্ট বি সাই’ আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ‘প্রাইম ভিডিও’-তে মুক্তি পাওয়ার কথা। ছবিটির মাধ্যমে চার নতুন অভিনেতার পাশাপাশি এক নবাগত পরিচালককে সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রযোজক হিসেবে নিজের নতুন ভূমিকা নিয়েও উচ্ছ্বসিত আলিয়া। অভিনয়ের পাশাপাশি নতুন প্রতিভাদের সামনে সুযোগ তৈরি করার অভিজ্ঞতা তাঁকে অন্য ধরনের তৃপ্তি দেয় বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে নতুন ছবির প্রচারের মধ্যেই অনুরাগীর সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীর আচরণের ভিডিও প্রকাশ্যে আসায় আপাতত সেই বিতর্কই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More