অরণ্যের মাঝে রাম-সীতার শান্ত মুহূর্ত, প্রকাশ্যে ‘রামায়ণ’-এর নতুন মোশন পোস্টার

সকাল সকাল ডেস্ক

সবুজ অরণ্যের মধ্যে বয়ে চলেছে স্বচ্ছ নদী। জলের ধারে শ্যাওলা ঢাকা পাথরের উপর পাশাপাশি বসে রাম ও সীতা। সীতার চুলে আলতো করে গোলাপি ফুল গুঁজে দিচ্ছেন রাম। দু’জনের মুখেই প্রশান্তির ছাপ। যুদ্ধ কিংবা চোখধাঁধানো দৃশ্য নয়, রাম-সীতার এমনই এক আবেগঘন মুহূর্তকে সামনে রেখে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’-এর নতুন মোশন পোস্টার।

গণেশ চতুর্থী উপলক্ষে ছবির নির্মাতারা পোস্টারটি প্রকাশ করেছেন। সেখানে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবীকে দেখা গিয়েছে। এর আগে ছবির ঝলকে দুই অভিনেতার লুক প্রকাশ্যে এসেছিল। তবে নতুন পোস্টারে মহাকাব্যের বিশাল আয়োজনের পরিবর্তে রাম ও সীতার সম্পর্কের কোমল দিকটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত মোশন পোস্টারে সোনালি অক্ষরে লেখা হয়েছে ছবির নাম ‘রামায়ণ’। সঙ্গে রয়েছে ট্যাগলাইন—‘আওয়ার ট্রুথ। আওয়ার হিস্ট্রি।’ নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের দীপাবলিতে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটির প্রথম পর্ব।

নীতেশ তিওয়ারির পরিচালনায় দুই পর্বে তৈরি হচ্ছে ‘রামায়ণ’। প্রথম পর্বে রামের চরিত্রে রণবীর কাপুর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর পাশাপাশি লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। রাজা দশরথের চরিত্রে দেখা যাবে অরুণ গোভিলকে। টেলিভিশনের জনপ্রিয় ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে একসময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন অরুণ।

ছবির অন্যতম আকর্ষণ রাবণের চরিত্র। সেই ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা যশকে। হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। শূর্পণখার ভূমিকায় দেখা যাবে রকুল প্রীত সিংকে। ফলে মুক্তির আগে থেকেই ছবির তারকাবহুল অভিনেতা তালিকা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

‘রামায়ণ’-এর বিপুল নির্মাণব্যয় নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই পর্ব মিলিয়ে ছবিটির নির্মাণব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সুরকার হান্স জিমার এবং এ আর রহমান। ছবির দৃশ্যায়ন ও ভিজ্যুয়াল এফেক্টসেও থাকছে বড় মাপের প্রযুক্তিগত আয়োজন।

আগে প্রকাশিত ঝলকে মহাকাব্যের বিশাল জগৎ এবং একাধিক চরিত্রের আভাস দিয়েছিলেন নির্মাতারা। নতুন মোশন পোস্টারে অবশ্য সেই জাঁকজমকের বদলে ধরা পড়েছে একেবারে অন্য ছবি। যুদ্ধের উত্তেজনা বা শক্তির প্রদর্শন নয়, অরণ্যের নির্জনতায় রাম-সীতার সম্পর্কের একটি কোমল মুহূর্তকেই সামনে আনা হয়েছে। আর সেই শান্ত আবহই নতুন করে দর্শকদের নজর কেড়েছে।

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More