মধ্য এশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদী

উজবেকিস্তান ও কিরগিজস্তানে দ্বিপাক্ষিক বৈঠক, যোগ দেবেন এসসিও শীর্ষ সম্মেলনে

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : চার দিনের মধ্য এশিয়া সফরে শনিবার উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সফরে তিনি দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হতে চলা ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন।

শনিবার সকালে বিশেষ বিমানে নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম পর্বে তিনি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পৌঁছে সে দেশের প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভের সঙ্গে প্রতিনিধি-স্তরের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি একাধিক সরকারি কর্মসূচিতেও তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের রাজধানী বিশকেকে যাবেন। সেখানে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি। সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সংযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সহযোগিতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের অবস্থান ও অগ্রাধিকারের কথা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

সফর শুরুর আগে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগামী কয়েক দিন তিনি উজবেকিস্তান ও কিরগিজ প্রজাতন্ত্রে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি লেখেন, “তাশখন্দে প্রেসিডেন্ট শওকত মিরজিয়য়েভের সঙ্গে ভারত-উজবেকিস্তান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দ্বিপাক্ষিক আলোচনা করব। পাশাপাশি তাশখন্দ স্টেট ইউনিভার্সিটি অব ওরিয়েন্টাল স্টাডিজে শাস্ত্রী স্মৃতিসৌধ এবং মহাত্মা গান্ধী কেন্দ্র পরিদর্শন করব। এরপর বিশকেকে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেব।”

কূটনৈতিক মহলের মতে, মধ্য এশিয়ার সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে এসসিও মঞ্চে ভারতের সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বার্তাও এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

Read More News

Read More