সকাল সকাল ডেস্ক
মুম্বই : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) দ্বিমাসিক মুদ্রানীতি কমিটির (এমপিসি) তিন দিনের পর্যালোচনা বৈঠক সোমবার থেকে শুরু হয়েছে। আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠক ৫ আগস্ট পর্যন্ত চলবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ৫ আগস্ট সকাল ১০টায় ঘোষণা করবেন গভর্নর সঞ্জয় মালহোত্র।
আরবিআই এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ‘অন্তর্দৃষ্টি, মূল্যায়ন এবং আগামী দিনের পথ—খুব শীঘ্রই আসছে।’ একই সঙ্গে ৫ আগস্ট সকাল ১০টায় মুদ্রানীতি কমিটির বিবৃতির জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।
চলতি অর্থবর্ষে এমপিসির দ্বিতীয় বৈঠক জুন মাসে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়। তবে ২০২৭ সালের মূল্যস্ফীতির পূর্বাভাস ৪.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৫.১ শতাংশ করা হয়।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মূল্যস্ফীতির ঝুঁকির কথা বিবেচনা করে এবারের বৈঠকেও আরবিআই নীতিগত সুদের হার রেপো রেটে কোনও পরিবর্তন করবে না। তাঁদের ধারণা, রেপো রেট ৫.২৫ শতাংশেই বহাল রাখা হতে পারে।
উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবর্ষে এমপিসির মোট ছয়টি বৈঠক হওয়ার কথা। এটি চলতি অর্থবর্ষের তৃতীয় বৈঠক। প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এপ্রিল মাসে। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে গত বছর আরবিআই নীতিগত সুদের হার রেপো রেটে মোট ১.২৫ শতাংশ হ্রাস করেছিল। বর্তমানে সেই রেপো রেট ৫.২৫ শতাংশে স্থির রয়েছে।
No Comment! Be the first one.