আইনি লড়াইয়ে জয়, আফ্রিকা কাপের খেতাব ফিরে পেল সেনেগাল

মরক্কোকে জয়ী ঘোষণার সিদ্ধান্ত খারিজ করল আন্তর্জাতিক ক্রীড়া আদালত

সকাল সকাল ডেস্ক

দীর্ঘ দশ মাসের আইনি টানাপড়েনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের খেতাব ফিরে পেল সেনেগাল। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রীড়া আদালত (ক্যাস) মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। ফলে জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে সেনেগালের ১-০ গোলে জয়ের ফলাফলই বহাল থাকল। দ্বিতীয়বারের জন্য আফ্রিকার সেরা ফুটবল দলের স্বীকৃতি পেল সাদিও মানেদের দল।

গত ৮ অক্টোবর সুইৎজারল্যান্ডের লোজানে তিন বিচারকের প্যানেলে এই মামলার রুদ্ধদ্বার শুনানি হয়েছিল। সর্বসম্মত রায়ে আদালত জানিয়েছে, বিতর্কিত পরিস্থিতিতে ম্যাচ পুনরায় শুরু করার ক্ষেত্রে রেফারি জঁ জ্যাক এনদালা নিজের এক্তিয়ারের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছিলেন। ম্যাচ চালু রাখা কিংবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রেফারির রয়েছে।

জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে রেফারির একাধিক সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। প্রথমে সেনেগালের একটি গোল বাতিল করা হয়। পরে ভিডিয়ো প্রযুক্তির সাহায্যে মরক্কোকে পেনাল্টি দেন রেফারি। প্রতিবাদে ফুটবলারদের নিয়ে মাঠ ছেড়ে চলে যান সেনেগালের কোচ পাপে থিয়াও। প্রায় ১৫ মিনিটের বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় ম্যাচ।

মরক্কোর ব্রাহিম দিয়াজের পেনাল্টি আটকে দেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।

পরবর্তীতে প্রতিযোগিতার ৮২ নম্বর ধারা উল্লেখ করে সেনেগালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মরক্কোর ফুটবল সংস্থা। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি প্রথমে সেই অভিযোগ খারিজ করলেও মার্চে আপিল বোর্ড মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিল সেনেগাল।

আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট ঘটনায় প্রতিযোগিতা থেকে প্রত্যাহার সংক্রান্ত ধারা প্রযোজ্য নয়। রায় ঘোষণার পর সমাজমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। তবে মরক্কো এবং আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইতিমধ্যেই দুই দেশ ২০২৭ সালের আফ্রিকা কাপের যোগ্যতা অর্জন করেছে। দীর্ঘ আইনি বিতর্কের পর অবশেষে সেনেগালের দ্বিতীয় মহাদেশীয় শিরোপায় চূড়ান্ত স্বীকৃতি মিলল।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

Read More