সকাল সকাল ডেস্ক
ইসলামাবাদ: পাকিস্তানের নিরাপত্তা বাহিনী খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসবাদীদের সঙ্গে পৃথক সংঘর্ষে ১৮ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করেছে। নিরাপত্তা বাহিনীর তরফে দাবি করা হয়েছে যে, নিহত সন্ত্রাসবাদীরা ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ এবং ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল। এই দুটি সংগঠনই পাকিস্তানে নিষিদ্ধ। সে দেশের প্রখ্যাত সংবাদমাধ্যম ডন পত্রিকার মতে, ফেডারেল সরকার-নিয়ন্ত্রিত পাকিস্তান টিভি বুধবার জানিয়েছে যে, খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর শুরু করা ‘আজম-এ-ইস্তেহকাম’ অভিযানের অধীনে উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাতে ফিতনা-আল-খাওয়ারিজের ১৩ জন সন্ত্রাসবাদীকে নিকেশ করা হয়েছে। পাকিস্তান টিভি আরও জানিয়েছে, এছাড়া বেলুচিস্তানের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনী ফিতনা-আল-হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ৫ জন সন্ত্রাসবাদীকেও নিকেশ করেছে। নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ শব্দটি পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদীদের বোঝাতে ব্যবহার করে। অন্যদিকে, বেলুচিস্তান–ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নাম দিয়েছে সে দেশের সরকার। এর উদ্দেশ্য, পাকিস্তানে সন্ত্রাস ও অস্থিতিশীলতা ছড়ানোর জন্য ভারতের ওপর দায় চাপানো।
No Comment! Be the first one.