সকাল সকাল ডেস্ক
মস্কো: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে রাশিয়ার তেল শোধনাগারগুলিতে ইউক্রেন লাগাতার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে ইউক্রেনকে পাল্টা জবাব দেওয়া ‘অনিবার্য’ হয়ে উঠেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মঙ্গলবার ক্রেমলিনে সরকারি আধিকারিক ও জ্বালানি শিল্পের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পুতিন। সেখানে তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্টের সরাসরি অনুরোধ সত্ত্বেও রাশিয়ার তেল শোধনাগারগুলিতে হামলা বন্ধ করেনি কিয়েভ। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন এ ধরনের হামলা অব্যাহত রাখায় মস্কোর পক্ষে পাল্টা ব্যবস্থা গ্রহণ করা অনিবার্য হয়ে উঠেছে। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
অন্যদিকে, ইউক্রেন আগেই জানিয়েছে, মস্কো তাদের জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধ করলেই রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযান বন্ধ করবে কিয়েভ। ফলে জ্বালানি স্থাপনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত প্রশমনের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এরই মধ্যে গত শনিবার ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক নাবিক আহত হন। পরবর্তী সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেন, তাঁর দেশই ওই হামলা চালিয়েছে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই দুই দেশের মধ্যে সংঘাত চলছে। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে জ্বালানি পরিকাঠামোর উপর হামলা বন্ধের লক্ষ্যে যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর কিছুদিন ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা কমলেও অক্টোবরের শেষ দিক থেকে ফের হামলার মাত্রা বাড়তে শুরু করে।
সংবাদ সংস্থা রয়টার্স জ্বালানি ক্ষেত্রের দুটি হিসাবের সূত্র উল্লেখ করে জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার জেরে অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলিতে অপরিশোধিত তেল পরিশোধনের সম্মিলিত পরিমাণ প্রায় ৪৫ শতাংশ কমেছে। এর প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও। স্থানীয় সংবাদমাধ্যম ও প্রশাসনিক সূত্রের খবর, রাশিয়ার কয়েকটি অঞ্চলে খুচরো পর্যায়ে পেট্রল ও ডিজেল বিক্রির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
মঙ্গলবারের বৈঠকে পুতিন স্বীকার করেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারের পরিস্থিতি এখনও কঠিন। তবে অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর পর পেট্রলের দাম বর্তমানে স্থিতিশীল হয়েছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে পুতিনের পাল্টা হামলার হুঁশিয়ারি এবং ইউক্রেনের অনড় অবস্থান ঘিরে সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়ছে।
No Comment! Be the first one.