ভারতীয় পণ্যে ফের শুল্কের বোঝা! ট্রাম্পের নতুন সিদ্ধান্তে অনিশ্চয়তায় বাণিজ্য চুক্তি

সকাল সকাল ডেস্ক

আমেরিকার বাণিজ্যনীতিতে ফের শুল্ক-অস্ত্র প্রয়োগের প্রস্তুতি। ভারতের পাশাপাশি চিন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন-সহ একাধিক দেশের পণ্যের উপর নতুন করে আমদানি শুল্ক (Import Tariff) চাপাতে পারে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশাসন।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার শিল্প সংস্থাগুলিকে ক্ষতির মুখে ফেলছে বিদেশি প্রতিযোগীরা। বিভিন্ন দেশের সরকার নিজেদের শিল্প উৎপাদনে যে ভর্তুকি ও সরকারি সহায়তা দিচ্ছে, তার জেরেই আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য বিক্রি করতে পারছে তারা। এই অভিযোগের ভিত্তিতেই নতুন শুল্কের পথে হাঁটতে পারে ওয়াশিংটন।

আরেক বেসরকারি সংস্থার প্রতিবেদন অনুযায়ী, নতুন শুল্কের ঘোষণা হতে পারে আজই। কয়েক মাস ধরে চলা তদন্তের ফল প্রকাশ করতে পারেন আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। তবে হোয়াইট হাউস বা মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর এখনও এই খবর নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

কোন পথে নতুন শুল্ক?

গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় এই তদন্ত শুরু হয়েছিল। ভারত, চিন, ইউরোপীয় ইউনিয়ন-সহ মোট ১৬টি অর্থনীতির শিল্পক্ষেত্রে সরকারি ভর্তুকি ও অন্যান্য সহায়তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এই ধরনের সরকারি সহায়তায় সংশ্লিষ্ট দেশগুলিতে উৎপাদন ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। ফলে সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য বিক্রি করতে পারছে। তাতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে আমেরিকার নিজস্ব শিল্প।

নতুন শুল্ক কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় রফতানি হওয়া অধিকাংশ পণ্যের উপরই তার প্রভাব পড়তে পারে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এই তালিকার বাইরে থাকতে পারে। কারণ, এই পণ্যগুলির উপর ইতিমধ্যেই পৃথক জাতীয় নিরাপত্তা আইনে শুল্ক রয়েছে।

ভারত–মার্কিন বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ কী?

শুল্কের নির্দিষ্ট হার এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের অন্দরের দাবি, ২০২৫ সালে আরোপ করা শুল্কের মতোই নতুন হারের কথা ভাবা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের শুল্কের একটি বড় অংশ বাতিল করে দেয়। তার পরই নতুন আইনি পথে শুল্ক আরোপের উদ্যোগ শুরু হয়েছে।

এদিকে ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কয়েক মাস ধরেই আলোচনায়। গত ফেব্রুয়ারিতে চুক্তির কাঠামো চূড়ান্ত হলেও সুপ্রিম কোর্টের রায়ের পর তা নিয়ে ফের আলোচনা শুরু হয়। আমেরিকার বাজারে বাংলাদেশের, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারতীয় পণ্যের উপর কম শুল্ক চাপানোর দাবি জানাচ্ছে নয়াদিল্লি। নতুন করে শুল্ক আরোপ হলে সেই আলোচনা এবং ভারতীয় রফতানির উপর তার প্রভাব কতটা পড়বে, এখন সেদিকেই নজর।

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসবের বর্ণাঢ্য সূচনা, মাদলের তালে মুখরিত পাহাড়ি জনপদ

সকাল সকাল ডেস্ক লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের বোকারো...

Read More