সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি। উৎপাদন ব্যয় বৃদ্ধির জেরে নির্বাচিত কয়েকটি মডেল ও সংস্করণের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করল হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড (এইচএমআইএল)। আগামী ১ ডিসেম্বর থেকে সংস্থার গাড়ির দাম সর্বাধিক ৮ হাজার টাকা পর্যন্ত বাড়বে।
মঙ্গলবার শেয়ার বাজারকে দেওয়া তথ্যে সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে নির্বাচিত কয়েকটি মডেল ও সংস্করণের দাম ৮ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গাড়ির মডেল ও সংস্করণ অনুযায়ী মূল্যবৃদ্ধির পরিমাণ আলাদা হবে।
দক্ষিণ কোরিয়ার এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা চলতি বছরে এর আগে গাড়ির দাম ১.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরে ০.৪ শতাংশ মূল্যবৃদ্ধিও অন্তর্ভুক্ত রয়েছে। হুন্ডাই মোটর ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কাঁচামালের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় গাড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।
সংস্থার দাবি, কাঁচামালের ক্রমবর্ধমান দাম মুনাফার উপরও প্রভাব ফেলেছে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) সুদ, কর ও অবচয়-পূর্ব আয়ের মার্জিন (ইবিআইটিডিএ) কমে ৯.৫ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবর্ষের একই সময়ে এই হার ছিল ১৩.৯ শতাংশ। পাশাপাশি, এই সময়ে সংস্থার সমন্বিত নিট মুনাফা বার্ষিক ভিত্তিতে প্রায় ২৪ শতাংশ কমেছে।
উল্লেখ্য, এর আগে উৎপাদন ব্যয় ক্রমাগত বৃদ্ধির কারণ দেখিয়ে গত ২২ নভেম্বর থেকে নির্বাচিত কয়েকটি মডেলের গাড়ির দাম বাড়িয়েছে মারুতি সুজুকিও।
No Comment! Be the first one.