সকাল সকাল ডেস্ক
বার্লিন: মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া। জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত এমনই দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। পশ্চিমী সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলির গোয়েন্দা সংস্থার আশঙ্কা, চলতি বছরের শেষের মধ্যেই পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ মহাকাশে পাঠাতে পারে মস্কো। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে জার্মান সরকার। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে রাশিয়া।
জার্মান সম্প্রচারমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং দৈনিক জুডডয়চে জেইটুং-এর প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডি এবং পশ্চিমী গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে আদান-প্রদান করা তথ্যে রাশিয়ার এই সম্ভাব্য পরিকল্পনার কথা উঠে এসেছে। ‘স্পুটনিক-এস’ নামের ওই বিশেষ উপগ্রহটি কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। বর্তমানে সেটি মস্কো অঞ্চলে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের শুরুতেই ন্যাটোর একাধিক সদস্য দেশকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। আগামী ৬০ দিনের মধ্যে ওই উপগ্রহ উৎক্ষেপণ করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। জার্মান সশস্ত্র বাহিনীর মহাকাশ কমান্ডের মূল্যায়ন অনুযায়ী, ডিসেম্বরের শুরুতেই এই উৎক্ষেপণ হতে পারে। তবে প্রকাশিত গোয়েন্দা তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, জার্মান সংবাদমাধ্যমের এই দাবি খারিজ করেছে ক্রেমলিন। সোমবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রতিবেদনে প্রকাশিত অভিযোগের উৎস স্পষ্ট নয়। ফলে বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই। বার্লিনে রাশিয়ার দূতাবাসও এই অভিযোগকে অপপ্রচারের অংশ বলে অভিহিত করেছে। দূতাবাসের দাবি, রাশিয়ার মহাকাশ সংক্রান্ত সমস্ত কার্যকলাপ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হয়।
রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৪ সালেও আমেরিকা একই ধরনের অভিযোগ তুলেছিল। ওয়াশিংটনের দাবি ছিল, মহাকাশে থাকা বিভিন্ন উপগ্রহ ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে মস্কো। ইউক্রেনের সেনাবাহিনীর ব্যবহৃত স্পেসএক্সের ‘স্টারলিঙ্ক’ উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবাও এর ফলে বিপদের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন কর্মকর্তারা। সে সময়ও সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল রাশিয়া।
বিশেষজ্ঞদের মতে, মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে তার প্রভাব কোনও নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বজুড়ে উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। ইন্টারনেট, ব্যাঙ্কিং, জিপিএস, আবহাওয়ার পূর্বাভাস এবং বিদ্যুৎ পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও তার মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মার্কিন মহাকাশ কমান্ডের প্রধান স্টিফেন হোয়াইটিংও এ ধরনের অস্ত্রের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
উল্লেখ্য, ১৯৬৭ সালের আন্তর্জাতিক মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র কিংবা অন্য কোনও গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে তা আন্তর্জাতিক চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে মহাকাশে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মস্কোর পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে পশ্চিমী দেশগুলি।
No Comment! Be the first one.