ইরানের প্রাণনাশের হুমকি! পরিবার নিয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় মার্কিন অর্থসচিবের

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় পরিবার নিয়ে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। মার্কিন গোয়েন্দাদের কাছে তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সংক্রান্ত তথ্য পৌঁছেছে বলে খবর। নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করেই তাঁকে ও তাঁর পরিবারকে ওয়াশিংটনের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েক সপ্তাহে আমেরিকার বর্তমান ও প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে ইরান-সম্পর্কিত হামলার হুমকি বেড়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেসেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফক্স নিউজকে ট্রাম্প প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, অর্থসচিব ও তাঁর পরিবারকে ইতিমধ্যেই একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে।

মার্কিন অর্থ দফতরও নিরাপত্তাজনিত কারণে বেসেন্টের স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সম্ভাব্য হামলার ধরন কিংবা হুমকির উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। দফতরের বক্তব্য, নিরাপত্তার হুমকি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বজায় রাখার নীতি থেকে সরে আসবেন না বেসেন্ট।

ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানই কি কারণ?

ট্রাম্প প্রশাসনের ইরানবিরোধী অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান রূপকার স্কট বেসেন্ট। গত অগস্ট থেকে তেহরানের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা কঠোর করা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।

ইরানের অর্থনীতিকে দুর্বল করতে ওয়াশিংটনের ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’ অভিযানের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে। হরমুজ প্রণালীতে নৌ অবরোধের মাধ্যমে তেহরানের উপর চাপ বাড়ানোর কৌশলও আলোচনায় এসেছে। মার্কিন প্রশাসনের ধারণা, অর্থনৈতিক চাপের কারণে ইরান আলোচনায় বসতে বাধ্য হতে পারে। এই কঠোর অবস্থানের জন্যই বেসেন্ট সম্ভাব্য হামলার লক্ষ্য হয়ে উঠেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিরাপত্তা বাড়ানো হয়েছে অন্য আধিকারিকদেরও

শুধু বেসেন্ট নন, ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদমাধ্যমের দাবি, স্টিফেন মিলার ও পাম বন্ডির মতো পরিচিত ব্যক্তিত্বদেরও অতীতে নিরাপত্তার কারণে সুরক্ষিত আবাসনে স্থানান্তর করা হয়েছিল।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলিতেও সতর্কতা বাড়ানো হয়েছে। কয়েকটি জায়গায় কর্মীসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, আমেরিকার ভূখণ্ডে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত হলেও নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগও উঠেছিল, যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে।

সব মিলিয়ে ওয়াশিংটন ও তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন অর্থসচিবের সামরিক ঘাঁটিতে আশ্রয় নেওয়ার ঘটনা নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। তবে বেসেন্টের বিরুদ্ধে সরাসরি ইরানের হামলার পরিকল্পনার বিষয়টি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

Read More News

Read More