সকাল সকাল ডেস্ক
মুম্বই: এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সোনার সাফল্যের সঙ্গে ব্যক্তিগত নজির গড়লেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে ভারত। হাংঝাউয়ের পর আইচি-নাগোয়া—টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। একই সঙ্গে অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটের প্রতিযোগিতার ফাইনালে জয়ের নিরিখে মহেন্দ্র সিংহ ধোনিকে পিছনে ফেলেছেন হরমনপ্রীত।
অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটের ফাইনালে হরমনপ্রীতের জয়ের সংখ্যা এখন ১০। অন্যদিকে, ধোনির নেতৃত্বে দল জিতেছে ৯টি টি-টোয়েন্টি ফাইনাল। ২০০৭ সালে ধোনির নেতৃত্বেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৬ সালের এশিয়া কাপেও ভারতকে চ্যাম্পিয়ন করেন তিনি। পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংসকে পাঁচবার ট্রফি জিতিয়েছেন ধোনি। এই তালিকায় আটটি ফাইনাল জিতে রয়েছেন রোহিত শর্মাও।
এশিয়ান গেমসের ফাইনালে প্রথমে ব্যাট করে ২১৬ রান তোলে ভারত। দুর্দান্ত ব্যাটিং করেন স্মৃতি মন্ধানা। তাঁর ব্যাট থেকে আসে ৭৯ রানের ঝকঝকে ইনিংস। রিচা ঘোষ অপরাজিত ৪৯ রান করেন। ওপেনার শেফালি বর্মাও দুর্দান্ত শুরু করেছিলেন, তবে মাত্র ২ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন। অধিনায়ক হরমনপ্রীত অবশ্য ব্যাট হাতে বড় রান পাননি।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৯ রান করেন, যা দলের সর্বোচ্চ। ভারতীয় বোলারদের দাপটে বড় জুটি গড়তে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা।
বল হাতে সবচেয়ে সফল দীপ্তি শর্মা। চার ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। শেফালি বর্মা ব্যাটের পাশাপাশি বল হাতেও নজর কাড়েন, নেন ২ উইকেট। শ্রেয়াঙ্কাও পান ২ উইকেট। শেষ পর্যন্ত ১৪৭ রানের বড় জয় নিশ্চিত করে ভারত। আর সেই জয়ের সঙ্গেই অধিনায়ক হিসেবে নতুন নজিরের মালিক হলেন হরমনপ্রীত কৌর।
No Comment! Be the first one.