কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রস্তাব, দায়িত্ব নিয়েই বার্তা কার্তিক মহারাজের

সকাল সকাল ডেস্ক

কলকাতা: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তা, সেতু ও গুরুত্বপূর্ণ জনপরিসরের নাম পরিবর্তন বা নতুন নামকরণের প্রস্তাব পর্যালোচনার কাজ শুরু করল রাজ্য সরকার গঠিত বিশেষ কমিটি। সোমবার কলকাতা পুরসভায় নিজের দফতরে প্রথমবার বসেন ‘রোড রি-নেমিং কমিটি’র চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, যিনি কার্তিক মহারাজ নামেও পরিচিত। দায়িত্ব গ্রহণের দিনেই একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব জমা পড়েছে বলে জানান তিনি।

রাজ্য সরকারের গঠিত ১০ সদস্যের এই কমিটি বিভিন্ন নামকরণ ও পুনর্নামকরণের প্রস্তাব খতিয়ে দেখবে। ঐতিহাসিক প্রেক্ষাপট, সাংস্কৃতিক গুরুত্ব এবং সংশ্লিষ্ট এলাকার পরিচিতি বিবেচনা করেই সুপারিশ করা হবে বলে জানানো হয়েছে।

কার্তিক মহারাজের বক্তব্য অনুযায়ী, বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি, কার্ল মার্কস সরণি এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সংক্রান্ত নাম পরিবর্তনের প্রস্তাব ইতিমধ্যেই কমিটির কাছে এসেছে। পাশাপাশি নিহত আইপিএস অফিসার বিনোদ মেহতার স্মরণে একটি রাস্তার নামকরণের আবেদনও জমা পড়েছে। তবে এই প্রস্তাবগুলির কোনওটিই এখনও চূড়ান্ত হয়নি। কমিটির পর্যালোচনার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কার্তিক মহারাজ জানিয়েছেন, সাধারণ নাগরিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনও রাস্তা বা গুরুত্বপূর্ণ স্থানের নাম পরিবর্তনের প্রস্তাব জমা দিতে পারবেন। প্রাপ্ত আবেদনগুলি যাচাই করে কমিটি রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠাবে।

এর আগেও কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে। পার্ক সার্কাসের সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ করার প্রস্তাব এবং রামপুরহাটের ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম বদলে ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি রোড’ করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল।

রাস্তা বা জনপরিসরের নাম পরিবর্তনের ক্ষেত্রে ইতিহাস, স্থানীয় আবেগ এবং প্রশাসনিক দিকগুলি যাতে আগে থেকেই বিস্তারিতভাবে যাচাই করা যায়, সেই উদ্দেশ্যেই বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এখন নজর, কমিটির পর্যালোচনার পর কোন কোন নাম পরিবর্তনের সুপারিশ সরকারের কাছে পৌঁছয়।

Read More News

Read More