সকাল সকাল ডেস্ক
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণের দাবি ফের উঠল কলকাতা হাইকোর্টে। ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বিষয়টির দিকে। আগামী বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বামপন্থী ও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সংঘর্ষের সময় একদল বহিরাগত ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায়। ওই ঘটনার পর যাদবপুরের পাশাপাশি রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
জনস্বার্থ মামলায় আবেদনকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগতদের নিয়ন্ত্রণহীন প্রবেশের কারণে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি স্বাভাবিক পঠনপাঠন এবং প্রশাসনিক কাজকর্মেও তার প্রভাব পড়ছে। বারবার সংঘর্ষ ও অশান্তির ঘটনায় ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলেও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে কঠোর নজরদারি ও বহিরাগতদের যাতায়াত নিয়ন্ত্রণে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। আবেদনকারীদের দাবি, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো, পরিচয়পত্র পরীক্ষা এবং প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিয়ে আদালত একাধিক নির্দেশ দিলেও সেগুলি যথাযথভাবে কার্যকর হয়নি।
এমনকি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে পরিকাঠামোগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিল, সেখানেও ঘাটতি রয়েছে বলে অভিযোগ। সাম্প্রতিক অশান্তির পর তাই ফের বিষয়টি হাইকোর্টের সামনে আনা হয়েছে। এখন আদালত বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা এবং বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ নিয়ে নতুন কোনও নির্দেশ দেয় কি না, সেদিকেই নজর।
No Comment! Be the first one.