‘ফুটপাত দখলমুক্ত করতে হবে’, কলকাতায় পথচারীদের নিরাপত্তায় জোর দিলীপ ঘোষের

সকাল সকাল ডেস্ক

কলকাতা: শহরের সৌন্দর্যায়ন, পথচারীদের নিরাপত্তা এবং রাজ্যে নতুন শিল্প-বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে কলকাতার ফুটপাত দখলমুক্ত করার পক্ষে সওয়াল করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ফুটপাত সাধারণ মানুষের হাঁটার জন্য। বেআইনি দখলের কারণে পথচারীদের রাস্তায় নেমে হাঁটতে হলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।

সম্প্রতি পার্ক স্ট্রিট এলাকায় ফুটপাতে বসবাসকারী এক মহিলাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সেই প্রসঙ্গেই ফুটপাত দখল নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন দিলীপ ঘোষ।

মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ফুটপাত দখল দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাঁর অভিযোগ, ফুটপাতে বসবাসকারী বা ব্যবসা করা মানুষদের স্বার্থের চেয়েও বিভিন্ন রাজনৈতিক দলের কায়েমি স্বার্থ অনেক সময় বড় হয়ে ওঠে। সেই কারণেই ফুটপাতের বেআইনি দখল পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি বলে দাবি তাঁর।

কলকাতায় ক্রমশ বাড়তে থাকা যানবাহনের সংখ্যার প্রসঙ্গও তুলেছেন দিলীপ। তাঁর প্রশ্ন, রাস্তায় গাড়ির সংখ্যা বাড়ছে, অথচ সাধারণ মানুষের নিরাপদে হাঁটার জায়গা ক্রমশ কমছে। ফুটপাতের একাংশে ফলের দোকান, পানের দোকান বা অন্য ব্যবসা চললে পথচারীরা কোথা দিয়ে হাঁটবেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

মন্ত্রী দাবি করেন, ফুটপাত দখলমুক্ত করার প্রয়োজনীয়তা সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও বুঝতে পারছেন। তাঁর বক্তব্য, অনেকেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেরাই জায়গা খালি করছেন। শহরের ফুটপাত পথচারীদের ব্যবহারের উপযোগী করে তুলতেই প্রশাসন গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এর মধ্যেই মঙ্গলবার পার্ক স্ট্রিটের ওই ফুটপাতবাসী মহিলার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ওই পরিবার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ করেনি। পাশাপাশি পূর্ববর্তী সরকারগুলিকে নিশানা করে তিনি দাবি করেন, দীর্ঘদিন ওই পরিবারের খোঁজ নেওয়া হয়নি।

পার্ক স্ট্রিটের ঘটনাকে কেন্দ্র করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূমিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। পরে ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। তাঁর দাবি, ব্যস্ত ও সংকীর্ণ ফুটপাতে প্রকাশ্যে আগুন জ্বালিয়ে রান্না করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে বলেই নিরাপত্তার স্বার্থে সেখানে রান্না বন্ধ করতে বলা হয়েছিল।

ফুটপাত দখল ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই এবার বিষয়টিকে শহরের সৌন্দর্যায়ন, পথচারীদের নিরাপত্তা এবং বিনিয়োগের পরিবেশের সঙ্গে যুক্ত করলেন দিলীপ ঘোষ। ফলে আগামী দিনে কলকাতায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন কী ধরনের পদক্ষেপ করে, সেদিকেই নজর থাকবে।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

Read More