হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট

সকাল সকাল ডেস্ক

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট। পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরও বেশি সময় কাটাতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মাসের শেষ দিকে তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কারোলিন লেভিটকে নিজের ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার পরও লেভিট তাঁর অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন। রিপাবলিকান পার্টির ভেতরেও তিনি প্রভাবশালী ভূমিকা রাখবেন।

২৮ বছর বয়সী লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। তিনিই যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি।

গত মে মাসে কন্যাসন্তানের মা হন ক্যারোলাইন লেভিট। স্বামী নিকোলাস রিসিওর সংসারে এটি লেভিটের দ্বিতীয় সন্তান। তাঁদের দুই বছরের একটি ছেলেও রয়েছে।

কন্যাসন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন লেভিট। গত মাসে তিনি আবার কাজে যোগ দেন।

ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন লেভিট। তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করা তাঁর জীবনের সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটি। তবে একই সঙ্গে মা হওয়া এবং বিশ্বের অন্যতম কঠিন সরকারি দায়িত্ব সামলানো তাঁর জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং।

লেভিট বলেন, কন্যাসন্তান জন্মের পর হোয়াইট হাউসে কাজে ফিরে তিনি বুঝতে পারেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ দিতে হয়, এর পর তিনি তাঁর দুই সন্তানকে প্রয়োজনীয় সময় দিতে পারেন না।

এ কারণেই শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লেভিট। তিনি এটিকে জীবনের একটি কঠিন তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার আগে থেকেই ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল লেভিটের। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন। পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে হেরে যান।

লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করেননি ট্রাম্প। তাঁর মাতৃত্বকালীন ছুটির সময় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম।

Read More News

সফল উৎক্ষেপণে আরও শক্তিশালী ভারতের প্রতিরক্ষা, ডিআরডিও-র অগ্নি-৪ পরীক্ষায় নতুন মাইলফলক

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন...

প্রধানমন্ত্রীর ভিডিও সরানোয় ক্ষমা চাইল মেটা, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকে দুঃখপ্রকাশ

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে...

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

Read More