ভিসা ও রুপে—দুই নেটওয়ার্কের সুবিধাসহ নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আনল পিএনবি ও জ্যাগল

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) আর্থিক প্রযুক্তি সংস্থা জ্যাগল প্রিপেইড ওশান সার্ভিসেস লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন কো-ব্র্যান্ডেড ‘টুইন’ ক্রেডিট কার্ড চালু করেছে। এই বিশেষ কার্ডের মাধ্যমে গ্রাহকরা একই সঙ্গে ভিসা এবং রুপে—দুই পেমেন্ট নেটওয়ার্কের সুবিধা পাবেন।

পিএনবি এক বিবৃতিতে জানিয়েছে, জ্যাগল প্রিপেইড ওশান সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় চালু করা ‘পিএনবি-জ্যাগল ক্রেডিট কার্ড’ পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি। পরিবেশ সচেতন গ্রাহকদের কথা মাথায় রেখে কার্ডগুলি বায়োডিগ্রেডেবল উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হয়েছে।

ব্যাঙ্কের মতে, এই কার্ডে দ্বৈত নেটওয়ার্কের সুবিধা থাকছে। ভিসা নেটওয়ার্কের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ভ্রমণ-সংক্রান্ত সুবিধার পাশাপাশি রুপে নেটওয়ার্কের লাইফস্টাইল সুবিধা এবং ইউপিআই-ভিত্তিক পেমেন্ট ব্যবস্থার সুবিধাও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পিএনবির লক্ষ্য, ভারতের ক্রমবর্ধমান ক্রেডিট কার্ড বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করা। পাশাপাশি, ডিজিটাল পেমেন্টে আগ্রহী তরুণ গ্রাহকদের চাহিদা পূরণ করাও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) অশোক চন্দ্র বলেন, তরুণ এবং ডিজিটালভাবে সচেতন গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখে ব্যাঙ্ক উদ্ভাবনী ডিজিটাল পেমেন্ট সমাধান গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতে, ভারতের ক্রেডিট কার্ড ক্ষেত্রে এখনও ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং জ্যাগলের সঙ্গে এই অংশীদারিত্ব সেই ব্যবসাকে আরও শক্তিশালী করবে।

জ্যাগল প্রিপেইড ওশান সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অবিনাশ রমেশ গোদখিন্ডি বলেন, “গ্রাহকদের সুবিধাকে অগ্রাধিকার দিয়ে আরও উন্নত আর্থিক প্রযুক্তিনির্ভর পণ্য তৈরি করার যে কৌশল আমরা গ্রহণ করেছি, এই অংশীদারিত্ব তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।”

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More