সকাল সকাল ডেস্ক।
মুর্শিদাবাদ ; মুর্শিদাবাদ জেলার রানিনগরে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটল। এতে দুই কৃষক নদীতে তলিয়ে যান। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনের এখনও কোনো সন্ধান মেলেনি। ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ ইতিমধ্যেই পৌঁছেছে। পাশাপাশি ডুবুরিদের তলব করা হয়েছে এবং উদ্ধারকাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানিনগরের কাতলামারী কার্গিল এলাকায় পদ্মার শাখা নদী, যেটি মরা পদ্মা নামে পরিচিত, সেখানেই মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। সাধারণত ওই নদীতে সারা বছর জল খুব একটা থাকে না, তাই কৃষকরা হেঁটেই জমিতে যাতায়াত করেন। কিন্তু বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ায় নৌকার উপরেই ভরসা রাখতে হয়। এদিনও কয়েকজন কৃষক নৌকায় চেপে মাঠে কাজ শেষ করে ফিরছিলেন। হঠাৎ মাঝনদীতে নৌকা ডুবে যায়। সবাই জলে পড়লেও বেশিরভাগ কৃষক সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। তবে দুই কৃষক আর উঠতে পারেননি। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও অপর কৃষক, সুজন শেখ ওরফে সুমন (৩০), নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
No Comment! Be the first one.