মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের বারো ঘণ্টার মধ্যে ধুবড়িতে ধৃত গো-মাংস এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ৩৮ জন অপরাধী
সকাল সকাল ডেস্ক। ধুবড়ি (অসম) : মৌলবাদী শক্তিকে মাথা তুলতে দেবেন না, গো-মাংস মামলায় ধুবড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল শুক্ৰবার ধুবড়ি এসে হুংকার দিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। গতকালই গো-মাংসভিত্তিক অশান্তি সৃষ্টিকারী সন্দেহজনক দুষ্কৃতীদের ‘দেখামাত্র গুলি’ এবং জেলার সমস্ত ‘দাগি অপরাধীদের’ অবিলম্বে গ্রেফতারের কড়া নির্দেশ দিয়েছিলন ড. শর্মা। নির্দেশের পর গতকাল গোটা রাত এবং আজ শনিবার সকাল পর্যন্ত ধুবড়ি জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গো-মাংস সম্পৰ্কিত ৩৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। ধুবড়িতে ক্ৰিমিন্যাল পাকড়াও অভিযান তীব্ৰ করেছে পুলিশ। আজ নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা জানান, গতকাল রাত থেকে ধুবড়ির গো-মাংসকেন্দ্ৰিক মামলায় ৩৮ জনকে গ্ৰেফতার করা হয়েছে। ধুবড়িতে সংগঠিত এই কুকৰ্মকে নিয়ে তিনি অতি চিন্তিত, বলেছেন সোশাল মিডিয়া এক্স-এ। নিম্ন অসমের ধুবড়িতে সদ্যসমাপ্ত বকরি ঈদের পর একটি দুষ্টচক্র হনুমান মন্দিরে পর পর দুদিন গরুর কাটা মাথা এবং বিভিন্ন এলাকায় গরুর অঙ্গপ্রত্যক্ষ ফেলে সাম্প্রদায়িক সম্প্ৰীতি ক্ষুণ্ণ করতে উঠে-পড়ে লেগেছে। ধুবড়ি জেলায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়া সহ যে কোনও অপ্ৰীতিকর কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশকে খোলাহাত দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে রাতে কাউকে সন্দেহজনক মনে করলে পুলিশকে ‘দেখামাত্র গুলি’ করার কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন, ‘বাংলাদেশের মৌলবাদী শক্তির টাৰ্গেট ধুবড়ি। আমি কখনও মৌলবাদীদের দাপাদাপি চলতে দেব না।’ মুখ্যমন্ত্রী প্রদত্ত নির্দেশের বারো ঘণ্টার মধ্যে অ্যাকশন মুডে ময়দানে নেমেছে ধুবড়ি জেলা পুলিশ। পুরনো মামলা এবং নতুন অপরাধের সঙ্গে জড়িত আটটি থানা এলাকা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তারা ধুবড়ি সদর থানা এলাকার চার, গৌরীপুর থানা এলাকার সাত, গোলকগঞ্জ থানা এলাকার পাঁচ, আগমণি থানা এলাকার এক, তামারহাট থানা এলাকার পাঁচ, বিলাসীপাড়া থানা এলাকার এক, চাপর থেকে তিন, সাপটগ্ৰাম থানা এলাকা থেকে পাঁচ এবং আরও সাতজন। গতকাল মুখ্যমন্ত্রীর নিৰ্দেশে ধুবড়ি জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সংবেদনশীল এলাকায় পুলিশের সঙ্গে আধাসামরিক বাহিনী এবং রেপিড অ্যাকশন ফোর্স (আরএএফ, রেফ) মোতায়েন করা হয়েছে। গতকাল রাত থেকে আইজিপি (আইন-শৃঙ্খলা) অখিলেশ কুমার সিঙের নেতৃত্বে ব্যাপক টহল অভিযান চলে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে নাগরিকদের শান্ত থাকতে এবং উস্কানির শিকার না হয়ে সজাগ থাকার আবেদন জানানো হয়েছে।
“কীভাবে বেঁচে গেলাম জানিনা”, মোদীকে অভিশপ্ত বিমানের একমাত্র জীবিত যাত্রী
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : “উড়ানের ঠিক ৩০ সেকেন্ড পরই সব শেষ! কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হাসপাতালের বিছানায় শুয়েই আতঙ্কের সেই মুহূর্তের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। রাখে হরি মারে কে। আহমেদাবাদের ভয়ংকর বিমান দুর্ঘটনায় অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন বিশ্বাসকুমার। বৃহস্পতিবার তাঁর সঙ্গে হাসপাতালে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শুক্রবার সকাল সকাল তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান। জানা গিয়েছে, ৪৫ বছর বয়সি বিশ্বাসকুমার ১১এ সিটটিতে বসেছিলেন। যাত্রী এবং ক্রু মেম্বার মিলিয়ে মোট ২৪২ জনের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র জীবিত। এই দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর সহযাত্রী তথা ভাই অজয় কুমার রমেশের। তিনি বসেছিলেন অন্য রোয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হেঁটে হেঁটেই ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন তিনি। তিনি জানান, “টেক অফের ঠিক ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটা ভেঙে পড়ল। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুকে চোট পেয়েছেন বিশ্বাসকুমার। তবে এর মধ্যেও ধ্বংসস্তূপ থেকে নিজের ভাইকে খুঁজে বের করার আর্জি জানিয়েছেন তিনি।
আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, চালু দুটি আপৎকালীন নম্বর
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। দুর্ঘটনায় বহুজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। গুজরাটের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, গুজরাট সরকার একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে এবং দুটি আপৎকালীন নম্বর (০৭৯-২৩২-৫১৯০০ এবং ৯৯৭৮৪০৫৩০৪) চালু করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। লন্ডনগামী উড়ানে ২৪২ জন যাত্রী ছিলেন, জানিয়েছে গুজরাট পুলিশ।
আহমেদাবাদে ভাঙল এয়ার ইন্ডিয়ার বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
সকাল সকাল ডেস্ক। আহমেদাবাদ : আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়েছে একটি বিমান। ঘটনাটি দুপুর ১টা থকে ২টোর মধ্যে হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে অ্যাম্বুল্যান্স। বিমান বন্দর থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে। লন্ডনগামী উড়ানে দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। ই ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন, আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণকার্য করার জন্য আমি আধিকারিকদের নির্দেশ দিয়েছি এবং যুদ্ধকালীন তৎপরতায় আহত যাত্রীদের তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। আহত যাত্রীদের চিকিৎসার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করার এবং অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে সমস্ত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আমার সঙ্গে কথা বলেছেন। এই বিমান দুর্ঘটনায় উদ্ধার ও ত্রাণকার্যে এনডিআরএফ এবং কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন।
লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গুয়াহাটিতে গ্ৰেফতার সাহিল, উদ্ধার আগ্নয়াস্ত্র
সকাল সকাল ডেস্ক। গুয়াহাটি : বহুজনের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত সাহিল খানকে গ্ৰেফতার করেছে দিশপুর থানার পুলিশ। গুয়াহাটির কাহিলিপাড়ায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশ ২৭ বছর বয়সি সাহিল খানকে গ্রেফতার করেছে। জানা গেছে, ডিব্রুগড় পুলিশের মোস্ট ওয়ান্টেড সাহিল খান নিজেকে একটি ইলেকট্ৰনিক নিউজ চ্যানেলের মার্কেটিং হেড পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সাহিল খান বিলাসবহুল জীবনযাপন করত। বেশ কয়েকটি দামি গাড়ির মালিক সাহিল নিজেকে একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও নিয়োগ করেছিল। ডিব্রুগড়ে বেশ কিছুদিন অবস্থান করে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়েছিল সাহিল। এর পর গুয়াহাটিতে স্থানান্তরিত হয়। গুয়াহাটি এসেও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল সে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আমিনগাঁওয়ের এক ব্যবসায়ীর সঙ্গে ৭৮ লক্ষ টাকার প্রতারণা। সাহিল খানের অ্যাপার্টমেন্টে একটি নম্বর প্লেটবিহীন গাড়িকে সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানে পুলিশ একটি পিস্তল, ব্যাংক অব ইন্ডিয়ার জাল সিল এবং বেশ কিঠ সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত সামগ্ৰীগুলি তার প্রতারণামূলক কার্যক্রমের প্রামাণিক তথ্য বলে দাবি করছে পুলিশ। জানা গেছে, পুলিশ সাহিল খানের বিস্তৃত নেটওয়ার্কের সন্ধানে গুয়াহাটির একাধিক স্থানে অভিযান চালিয়েছে। তার কার্যকলাপ সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকলে সে সব প্রদান করে তদন্তে সহায়তা করতে জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
গুয়াহাটিতে ফের ধস, রূপনগরে বিশাল পাথরের নীচে মনেশ্বর রাজবংশী, চলছে উদ্ধার অভিযান
গুয়াহাটি মহানগরে ফের ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এবার জনবসতি এলাকা রূপনগরে পাহাড় থেকে বিশাল পাথরের ধস নেমে ধ্বংসস্তূপের নীচে আবদ্ধ হয়ে রয়েছেন জনৈক মনেশ্বর রাজবংশী।
বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা
সকাল সকাল ডেস্ক। বেঙ্গালুরু : চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এ বার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল পুলিশ। পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আরসিবির কর্তা। জানা গিয়েছে, আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে ‘পালিয়ে’ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। আরসিবি কর্তা ছাড়াও আরও তিনজনকে এদিন আটক করা হয়েছে। স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদের আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
সকাল সকাল ডেস্ক। মুম্বই : ফের সুদ কমাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। এদিন তাতে ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে ৬ শতাংশ থেকে ওই সূচক নেমে এসেছে ৫.৫০ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ্য, রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক শুরু হয়। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরহিত্যে এমপিসি কমিটির সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করা হলো।
ফতেপুরে বরযাত্রীর গাড়িকে ধাক্কা ট্রাকের, মৃত ৩, আহত আরও ৫
সকাল সকাল ডেস্ক। ফতেপুর : শুক্রবার উত্তর প্রদেশের ফতেপুর জেলায় জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন বরযাত্রী। বরযাত্রীদের নিয়ে ফিরছিল একটি গাড়ি। উল্টো দিক থেকে আসা এক বেপরোয়া গতির ট্রাক আচমকা ধাক্কা মারে সেই গাড়িতে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, আহত হন আরও ৫ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাইও। এক পুলিশ আধিকারিক জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চন্দ্রভাগা সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, উপত্যকায় সূচনা বন্দে ভারত এক্সপ্রেসেরও
সকাল সকাল ডেস্ক। শ্রীনগর : সন্ত্রাসবাদের ক্ষতে মলম লাগিয়ে উন্নয়নের পথে উপত্যকা। পহেলগাম জঙ্গি হামলার পর শুক্রবার প্রথম জম্মু ও কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জম্মু ও কাশ্মীরে দেশের অন্যতম সাফল্যের নজিরের উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উদ্বোধন করলেন চন্দ্রভাগা (চেনাব) রেল ব্রিজের। এটি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ডঃ জিতেন্দ্র সিং এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এদিন উপত্যকায় দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন। এই ট্রেনগুলি স্থানীয় বাসিন্দা, পর্যটক, তীর্থযাত্রী এবং অন্যান্যদের জন্য দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য ভ্রমণের সুবিধা প্রদান করবে।