লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গুয়াহাটিতে গ্ৰেফতার সাহিল, উদ্ধার আগ্নয়াস্ত্র
সকাল সকাল ডেস্ক। গুয়াহাটি : বহুজনের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে অভিযুক্ত সাহিল খানকে গ্ৰেফতার করেছে দিশপুর থানার পুলিশ। গুয়াহাটির কাহিলিপাড়ায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে পুলিশ ২৭ বছর বয়সি সাহিল খানকে গ্রেফতার করেছে। জানা গেছে, ডিব্রুগড় পুলিশের মোস্ট ওয়ান্টেড সাহিল খান নিজেকে একটি ইলেকট্ৰনিক নিউজ চ্যানেলের মার্কেটিং হেড পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সাহিল খান বিলাসবহুল জীবনযাপন করত। বেশ কয়েকটি দামি গাড়ির মালিক সাহিল নিজেকে একজন উচ্চপদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও নিয়োগ করেছিল। ডিব্রুগড়ে বেশ কিছুদিন অবস্থান করে বহু মানুষের সঙ্গে প্রতারণা করে লক্ষাধিক টাকা হাতিয়েছিল সাহিল। এর পর গুয়াহাটিতে স্থানান্তরিত হয়। গুয়াহাটি এসেও প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল সে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম আমিনগাঁওয়ের এক ব্যবসায়ীর সঙ্গে ৭৮ লক্ষ টাকার প্রতারণা। সাহিল খানের অ্যাপার্টমেন্টে একটি নম্বর প্লেটবিহীন গাড়িকে সন্দেহের ভিত্তিতে অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযানে পুলিশ একটি পিস্তল, ব্যাংক অব ইন্ডিয়ার জাল সিল এবং বেশ কিঠ সন্দেহজনক সামগ্রী বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত সামগ্ৰীগুলি তার প্রতারণামূলক কার্যক্রমের প্রামাণিক তথ্য বলে দাবি করছে পুলিশ। জানা গেছে, পুলিশ সাহিল খানের বিস্তৃত নেটওয়ার্কের সন্ধানে গুয়াহাটির একাধিক স্থানে অভিযান চালিয়েছে। তার কার্যকলাপ সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকলে সে সব প্রদান করে তদন্তে সহায়তা করতে জনসাধারণের কাছে আহ্বান জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
গুয়াহাটিতে ফের ধস, রূপনগরে বিশাল পাথরের নীচে মনেশ্বর রাজবংশী, চলছে উদ্ধার অভিযান
গুয়াহাটি মহানগরে ফের ভূমিধসের ঘটনা সংঘটিত হয়েছে। এবার জনবসতি এলাকা রূপনগরে পাহাড় থেকে বিশাল পাথরের ধস নেমে ধ্বংসস্তূপের নীচে আবদ্ধ হয়ে রয়েছেন জনৈক মনেশ্বর রাজবংশী।
বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা
সকাল সকাল ডেস্ক। বেঙ্গালুরু : চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এ বার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল পুলিশ। পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আরসিবির কর্তা। জানা গিয়েছে, আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে ‘পালিয়ে’ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। আরসিবি কর্তা ছাড়াও আরও তিনজনকে এদিন আটক করা হয়েছে। স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদের আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।
শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
সকাল সকাল ডেস্ক। মুম্বই : ফের সুদ কমাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। এদিন তাতে ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। ফলে ৬ শতাংশ থেকে ওই সূচক নেমে এসেছে ৫.৫০ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট। এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। উল্লেখ্য, রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিতে বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর মুদ্রানীতি কমিটির (এমপিসি) বৈঠক শুরু হয়। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরহিত্যে এমপিসি কমিটির সিদ্ধান্ত শুক্রবার ঘোষণা করা হলো।
ফতেপুরে বরযাত্রীর গাড়িকে ধাক্কা ট্রাকের, মৃত ৩, আহত আরও ৫
সকাল সকাল ডেস্ক। ফতেপুর : শুক্রবার উত্তর প্রদেশের ফতেপুর জেলায় জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন বরযাত্রী। বরযাত্রীদের নিয়ে ফিরছিল একটি গাড়ি। উল্টো দিক থেকে আসা এক বেপরোয়া গতির ট্রাক আচমকা ধাক্কা মারে সেই গাড়িতে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, আহত হন আরও ৫ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাইও। এক পুলিশ আধিকারিক জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং আহতদের হাসপাতালে পাঠায়। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক এখনও পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চন্দ্রভাগা সেতুর উদ্বোধন প্রধানমন্ত্রীর, উপত্যকায় সূচনা বন্দে ভারত এক্সপ্রেসেরও
সকাল সকাল ডেস্ক। শ্রীনগর : সন্ত্রাসবাদের ক্ষতে মলম লাগিয়ে উন্নয়নের পথে উপত্যকা। পহেলগাম জঙ্গি হামলার পর শুক্রবার প্রথম জম্মু ও কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার জম্মু ও কাশ্মীরে দেশের অন্যতম সাফল্যের নজিরের উদ্বোধন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। উদ্বোধন করলেন চন্দ্রভাগা (চেনাব) রেল ব্রিজের। এটি বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ। এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ডঃ জিতেন্দ্র সিং এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এদিন উপত্যকায় দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করেন। এই ট্রেনগুলি স্থানীয় বাসিন্দা, পর্যটক, তীর্থযাত্রী এবং অন্যান্যদের জন্য দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য ভ্রমণের সুবিধা প্রদান করবে।
বার্লিনে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
সকাল সকাল ডেস্ক। কলকাতা : নিঃশব্দে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাত্র বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। জার্মানির বার্লিনে পুরীর প্রাক্তন সাংসদ পিনাকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহুয়া। সূত্রের খবর, ৩ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মহুয়া ও পিনাকি। জার্মানিতে বিয়ে হয়েছে তাঁদের। তবে সেকথা এতদিন ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। এমনকি দলের অনেকেই জানতেন না বলে খবর। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এ খবর প্রকাশ্যে আসতেই কৌতূহল তৈরি হয় নেটনাগরিকদের মধ্যে। প্রকাশ্যে আসে বিয়ের ছবিও। একেবারে ছিমছাম সাজে মহুয়া। শাড়ির সঙ্গে মানানসই গয়না। মুখে চওড়া হাসি। মহুয়া-পিনাকী দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ড্যানিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে বিয়ে করেন মহুয়া। যদিও সেই বিয়েতে ছেদ পড়ে। অন্য দিকে পিনাকীর প্রথম স্ত্রী সঙ্গীতা মিশ্র। তাঁদের একটি ছেলে ও মেয়েও আছে। পিনাকীরও সেই বিয়েতে ছেদ পড়েছে অনেক দিন আগেই। এ বার জীবনের নতুন ইনিংস শুরু করলেন তাঁরা। বছর খানেক আগে যখন ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন বিতর্ক সামনে আসে, তখনই জানা গিয়েছিল, সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে সম্পর্ক ছিল মহুয়া মৈত্রের। জয় অনন্ত তাঁর বিরুদ্ধে যখন ঘুষ নেওয়ার অভিযোগ আনেন, তখন মহুয়া তাঁকে ‘জিল্টেড এক্স’ বলেও কটাক্ষ করেছিলেন। কালীগঞ্জে উপনির্বাচন। ভোট হলে দাপিয়ে প্রচার করেন মহুয়া। তবে নিজের এলাকার ভোটে একদিনও দেখা যায়নি তাঁকে। তাঁর অনুগামীরা জানিয়েছিলেন, মহুয়া বিদেশে আছেন ব্যক্তিগত কাজে। কিন্তু বৃহস্পতিবার সামনে আসে তাঁর বিয়ের খবর।
কেন্দ্রীয় সরকার দরিদ্রদের কল্যাণ ও নাগরিক ক্ষমতায়নে নিবেদিত : প্রধানমন্ত্রী
সকাল সকাল ডেস্ক। নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজস্ব সরকারকে গরীব কল্যাণের প্রতি সহানুভূতিশীল এবং নিবেদিতপ্রাণ বলে বর্ণনা করেছেন। কেন্দ্রের এনডিএ সরকারের ১১ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে, দারিদ্র্য থেকে মানুষের উন্নয়নের জন্য কেন্দ্র কর্তৃক গৃহীত যুগান্তকারী পদক্ষেপ এবং ক্ষমতায়ন, পরিকাঠামো এবং অন্তর্ভুক্তির উপর জোর দেওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, জন ধন যোজনা এবং আয়ুষ্মান ভারত-এর মতো উদ্যোগগুলি আবাসন, পরিষ্কার রান্নার জ্বালানি, ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবা বৃদ্ধি করেছে। তিনি আরও জানান, সরাসরি সুবিধা হস্তান্তর, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং গ্রামীণ পরিকাঠামোর উপর জোর দেওয়ার ফলে স্বচ্ছতা এবং শেষ মাইল পর্যন্ত সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া নিশ্চিত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী ২৫ কোটিরও বেশি মানুষকে দারিদ্র্য দূর করতে এই উদ্যোগগুলির ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, যেখানে প্রতিটি নাগরিক মর্যাদার সাথে বসবাসের সুযোগ পাবে।
অবশেষে জামিন পেলেন শর্মিষ্ঠা পানোলি
সকাল সকাল ডেস্ক। কলকাতা : ‘অপারেশন সিঁদুর’-এর আবহে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ধৃত শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর। ধৃত আইনের ছাত্রীর জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। গুড়গাঁও থেকে গ্রেফতার হওয়া শর্মিষ্ঠা পানোলির অন্তর্বর্তী জামিনের এই আবেদন মঞ্জুর হয়। ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করল আদালত। তদন্তে সহযোগিতা করতে হবে, নির্দেশ দিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছে, ১) ‘আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না শর্মিষ্ঠা’। ২) শিক্ষাগত কারণে দেশের বাইরে যেতে হলে নিম্ন আদালতকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ৩) শর্মিষ্ঠাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে, নির্দেশ আদালতের। ৪) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই। আদালত জানিয়েছে, ‘যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল সেটা যান্ত্রিকভাবে করা হয়েছিল। সেখানে শুধুমাত্র গ্রেফতার করার অধিকার দেওয়া হয়েছিল, গ্রেফতার করতে হবে বলা হয়নি’। ধর্তব্যযোগ্য অপরাধ আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার ছিল, মন্তব্য বিচারপতির। বিচারপতির পর্যবেক্ষণ, নির্দিষ্টভাবে কী মন্তব্য করেছিলেন শর্মিষ্ঠা সেটা অভিযোগপত্রে বলা নেই। যখন নোটিস দেওয়ার প্রক্রিয়া চলছিল তখন শর্মিষ্ঠা কলকাতায় ছিলেন না।
দুর্যোগে বিপর্যস্ত সিকিমে আটকে পড়া ৬৩ পর্যটককে উদ্ধার করল বায়ুসেনা
সকাল সকাল ডেস্ক। গ্যাংটক : উত্তর সিকিমে টানা ভারি বৃষ্টির জেরে ধস ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া ৬৩ জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় বায়ুসেনা। বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু হতেই বিমানবন্দরে তাঁদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়। জানা গেছে, সকাল থেকেই এমআই-১৭ ও চিতা হেলিকপ্টার দুর্গম এলাকায় উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দফায় ৩৯ জনকে এবং পরে আরও ২৪ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়। তার মধ্যে ২ জন বিদেশিও রয়েছেন। পর্যটকদের গন্তব্যে পৌঁছে দিতে রাজ্য সরকার বাসের মাধ্যমে গ্যাংটক ও শিলিগুড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। এছাড়া বাগডোগরার উদ্দেশে আলাদা হেলিকপ্টার পরিষেবাও চালু রাখা হয়েছে। রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ দফতর জানিয়েছে, দুর্যোগকালীন সময়ে পর্যটকদের নিরাপত্তাই সরকারের প্রথম অগ্রাধিকার।