সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় প্রচারিত এক নেতিবাচক টেলিভিশন বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া আপত্তি জানিয়ে ঘোষণা করেছেন যে, আমেরিকা এখন থেকে কানাডার সঙ্গে আর কোনও বাণিজ্য আলোচনা করবে না।
এবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প তাঁর ‘সোশ্যাল ট্রুথ’ প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেছেন — “আমেরিকার জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য ট্যারিফ (শুল্ক) অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ঘৃণাসূচক আচরণের ভিত্তিতে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা সমাপ্ত করা হলো।”
বলা হয়েছে, এই বিজ্ঞাপন প্রচারাভিযানটি চলতি মাসের শুরুতে কানাডার অন্টারিও প্রদেশ থেকে শুরু হয়েছিল। ওই বিজ্ঞাপনে ১৯৮৭ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের এক ভাষণের অংশ ব্যবহার করা হয়েছে — যেখানে তিনি জাপানি পণ্যের ওপর কিছু শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন, তবে একইসঙ্গে উচ্চ শুল্কের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ঝুঁকি ও বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা সম্পর্কেও সতর্ক করেছিলেন।
রোনাল্ড রিগ্যান প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, কানাডার ওই বিজ্ঞাপন অভিযানে রিগ্যানের বক্তব্যের “নির্বাচিত অডিও ও ভিডিও অংশ” ব্যবহার করা হয়েছে এবং তাঁর কথাগুলি “ভুলভাবে উপস্থাপন” করা হয়েছে।
কানাডার এই বিজ্ঞাপন প্রচারণার প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তারা এটি করেছে মার্কিন সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালতের রায়ে প্রভাব বিস্তার করার জন্য।” উল্লেখযোগ্য, শীঘ্রই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে — ট্রাম্পের আরোপিত বৈশ্বিক পারস্পরিক শুল্ক কি কংগ্রেসের জরুরি ক্ষমতার অবৈধ ব্যবহার ছিল, এবং ইতিমধ্যেই আদায় করা বিলিয়ন ডলার ফেরত দিতে হবে কি না।
এই মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প সম্ভাব্য মার্কিন–কানাডা বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, আলোচনায় দুই পক্ষই অনেক দূর এগিয়েছে। তবে জুলাই মাসে ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া বেশিরভাগ পণ্য ও কাঁচামালের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।
No Comment! Be the first one.