সকাল সকাল ডেস্ক
বলিউড অভিনেতা গোবিন্দাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা চলছে। স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে চর্চার পাশাপাশি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু গোবিন্দাকে নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার অভিনয় প্রতিভার ভূয়সী প্রশংসা করেন অনুপম। তাঁর কথায়, গোবিন্দা তাঁর দেখা অন্যতম সেরা অভিনেতা। একসঙ্গে প্রায় ১০-১২টি ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে অনুপম জানান, অভিনয়, ইম্প্রোভাইজেশন কিংবা নাচ— সব ক্ষেত্রেই গোবিন্দার দক্ষতা অসাধারণ।
তবে প্রশংসার পাশাপাশি বন্ধুকে গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন অনুপম। তাঁর মতে, ব্যক্তিগত জীবনের সমস্যা বা অভ্যাসকে কখনও এমন জায়গায় যেতে দেওয়া উচিত নয়, যাতে তা একজন শিল্পীর গোটা জীবন ও পেশাকে প্রভাবিত করে।
সম্প্রতি মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে গণপতি দর্শনে গিয়ে ফের আলোচনায় আসেন গোবিন্দা। সেখানে তাঁর সঙ্গে কোমল রানি স্বর্ণকারকে দেখা যায়। গোবিন্দা সাদা কুর্তা-পাজামায় এবং কোমল লাল-হলুদ শাড়িতে মণ্ডপে উপস্থিত হয়েছিলেন। তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পরই সম্পর্ক নিয়ে পুরনো জল্পনা নতুন করে মাথাচাড়া দেয়। এর কয়েক ঘণ্টা আগে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাও একাই সেখানে গণপতি দর্শন করেছিলেন বলে জানা যায়। এর আগেও মুম্বই বিমানবন্দরে গোবিন্দা ও কোমলকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
তবে গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাননি অনুপম খের। তিনি জানিয়েছেন, বন্ধুকে বিচার করার অধিকার তাঁর নেই এবং নিজের জীবন সম্পর্কে গোবিন্দাই সবচেয়ে ভাল বোঝেন। একবার গোবিন্দাকে ফোনও করেছিলেন তিনি। যদিও সেই সময় বিস্তারিত কথা হয়নি।
অনুপমের কথায়, তিনি শুধু বন্ধুকে বলতে চান— কঠিন সময় চিরস্থায়ী নয়, এটিও একসময় কেটে যাবে। প্রত্যেক মানুষের জীবনেই কোনও না কোনও কঠিন অধ্যায় আসে। তাঁর আশা, গোবিন্দাও বর্তমান পরিস্থিতি সামলে আবার নিজের কাজে মন দেবেন।
শেষে অনুপম খেরের প্রার্থনা, যাবতীয় বিতর্ক পিছনে ফেলে গোবিন্দা যেন দ্রুত নিজের চেনা ছন্দে ফিরে আসেন এবং অভিনয়ের মাধ্যমে আবার দর্শকদের মন জয় করেন।
No Comment! Be the first one.