মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে জাতীয় সম্মেলন, এএনটিএফ প্রধানদের বৈঠকে অমিত শাহ

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে রাজধানীতে শুরু হল অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্সের (এএনটিএফ) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলন। মঙ্গলবার দু’দিনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘নারকোটিক্স কন্ট্রোল ভিশন ডকুমেন্ট (২০২৬-২০২৯)’-এ নির্ধারিত লক্ষ্যগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করাই সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এএনটিএফ প্রধানরা অংশ নেন। তাঁদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, শুল্ক বিভাগ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী সচেতনতা ও পরিকাঠামো উন্নয়নে জোর

সম্মেলনের মঞ্চ থেকে সাধারণ মানুষের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চারটি বিশেষ টেলিভিশন বিজ্ঞাপন প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকবিরোধী অভিযানকে আরও শক্তিশালী করতে পরিকাঠামোগত উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এই উদ্যোগের অংশ হিসেবে উত্তরপ্রদেশের লখনউ এবং উত্তরাখণ্ডের দেহরাদূনে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধা সাধারণ মানুষ ও তদন্তকারী সংস্থার কাছে আরও দ্রুত পৌঁছে দিতে এনসিবি-র পুনর্নির্মিত আধুনিক ওয়েবসাইটেরও উদ্বোধন করা হয়।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্য পূরণ করতে হলে দেশকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ‘মিশন মোডে’ কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সম্মেলনে মাদক পাচার ও ব্যবহারের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ, তদন্ত ব্যবস্থার আধুনিকীকরণ, আন্তঃরাজ্য সহযোগিতা এবং সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যুবসমাজকে মাদকের কবল থেকে দূরে রাখতে কেন্দ্র ও রাজ্যস্তরে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

Read More News

Read More