সকাল সকাল ডেস্ক
মাদ্রিদ: মাঠের বাইরে হুলিয়ান আলভারেজকে ঘিরে দলবদলের জল্পনা। কিন্তু তার কোনও প্রভাব পড়ল না মাঠের পারফরম্যান্সে। শনিবার অ্যাওয়ে ম্যাচে সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল আতলেতিকো মাদ্রিদ। তিন ম্যাচে দিয়েগো সিমিওনের দলের সংগ্রহ সাত পয়েন্ট।
আর্জেন্তিনার স্ট্রাইকার আলভারেজের বার্সেলোনা অথবা আর্সেনালে যোগ দেওয়ার জল্পনা চলছে। যদিও তাঁকে ছাড়তে নারাজ আতলেতিকো। ভিয়ারিয়ালের বিরুদ্ধে আগের ম্যাচে ২-২ ড্রয়ের সময় সমর্থকদের একাংশের দুয়োর মুখেও পড়েছিলেন তিনি। সেভিয়ার বিরুদ্ধে তাঁকে ম্যাচ-ডে স্কোয়াডে রাখা হয়নি।
আলভারেজ প্রসঙ্গে সিমিওনে জানিয়েছেন, আর্জেন্তাইন স্ট্রাইকার বর্তমানে ব্যক্তিগত একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ক্লাব তাঁর পাশে রয়েছে। দ্রুত পরিস্থিতি কাটিয়ে উঠে তিনি আবার দলকে সাহায্য করবেন বলেই আশা আতলেতিকো কোচের।
আলভারেজের অনুপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পাওয়া ফরোয়ার্ডরাই সেভিয়ার বিরুদ্ধে পার্থক্য গড়ে দেন। ম্যাচের মাত্র চার মিনিটে লি কাং-ইনের দুর্দান্ত থ্রু পাস থেকে নিচু শটে আতলেতিকোকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েলা।
২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আদেমোলা লুকমান। সেভিয়ার গোলরক্ষক ওডিসিস ভ্লাচোডিমোসকে পরাস্ত করে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
এর সাত মিনিট পরেই ফের গোল। মার্কোস লোরেন্তের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় এবং আতলেতিকোর তৃতীয় গোল করেন বায়েলা। প্রথমার্ধেই কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় সিমিওনের দল।
দ্বিতীয়ার্ধে সেভিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। মিগুয়েল সিয়েরার ভলিতে একটি গোল শোধ হলেও ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আতলেতিকো।
জোড়া গোলের পর বায়েলা জানান, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছে। সেই ছন্দ এবার ক্লাব ফুটবলেও ধরে রাখাই তাঁর লক্ষ্য।
এদিকে দিনের আরেক ম্যাচে বড় অঘটন ঘটিয়েছে লেভান্তে। রিয়াল বেতিসকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে তারা। এই হারের ফলে চলতি লিগে প্রথমবার পরাজয়ের মুখ দেখল ম্যানুয়েল পেলেগ্রিনির দল। ম্যাচটি জিতলে টানা তিন জয়ের সুবাদে শীর্ষে ওঠার সুযোগ ছিল বেতিসের।
লেভান্তের হয়ে আদ্রিয়ান দে লা ফুয়েন্তে গোলের খাতা খোলেন। বেতিসের হয়ে মার্ক বারত্রা সমতা ফেরালেও প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রায় ৪০ গজ দূর থেকে অসাধারণ চিপে গোল করেন এনজো বারদেলি। পরে রদ্রিগো রিকেলমে বেতিসকে ফের সমতায় ফেরালেও দ্বিতীয়ার্ধে রজার ব্রুগুয়ের জোড়া গোল এবং জন আন্দের ওলাশাগাস্তির হেডে বড় জয় নিশ্চিত করে লেভান্তে।
দিনের অন্য ম্যাচে এস্পানিওলকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ। চলতি মরসুমে এটিই তাদের প্রথম জয়।
No Comment! Be the first one.