মাত্র ১৫ বছরেই দলীপ ট্রফিতে নেতৃত্ব বৈভবের, সামিদের সামলে গড়লেন নজির

সকাল সকাল ডেস্ক

বেঙ্গালুরু : বয়স মাত্র ১৫ বছর। অথচ সেই বয়সেই সিনিয়র দলের নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন বৈভব সূর্যবংশী। দলীপ ট্রফির সেমিফাইনালে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ইস্ট জোনের অধিনায়ক ঈশান কিষাণ চোট পেয়ে মাঠ ছাড়তেই দলের দায়িত্ব নেন সহ-অধিনায়ক বৈভব। মহম্মদ সামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরনের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে মাঠে দল পরিচালনা করে নজর কাড়লেন তরুণ ব্যাটার।

রবিবার বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে উইকেটকিপিং করার সময় ডান হাতের কব্জিতে চোট পান ঈশান। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে উঠে যেতে হয়। পরে ড্রেসিংরুমের বাইরে তাঁর হাতে ভারী ব্যান্ডেজ দেখা যায়।

ঈশান মাঠ ছাড়ার পর উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন কুমার কুশাগ্র। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বৈভবকে ইস্ট জোনের সহ-অধিনায়ক করা হয়েছিল। ফলে ঈশানের অনুপস্থিতিতে মাঠে দল পরিচালনার দায়িত্ব এসে পড়ে ১৫ বছরের বৈভবের কাঁধে।

মাঠে উপস্থিত ক্রিকেটারদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট হয়েও অভিজ্ঞদের পরিচালনা করতে পিছপা হননি তিনি। মহম্মদ সামির মতো অভিজ্ঞ পেসারের বোলিং স্পেল সামলানো থেকে শুরু করে ফিল্ডিং সাজানো এবং প্রয়োজন অনুযায়ী বোলিং পরিবর্তন— একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যায় বৈভবকে।

তাঁর নেতৃত্বে লাঞ্চের আগে সেন্ট্রাল জোনকে চাপে রাখে ইস্ট জোন। ৮১ রানের মধ্যে তিন উইকেট হারায় প্রতিপক্ষ। বড় মঞ্চে বৈভবের ফিল্ড প্লেসমেন্ট ও বোলিং পরিবর্তনের সিদ্ধান্তও নজর কাড়ে।

দলীপ ট্রফির শুরুতেই বৈভবকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছিল। এত কম বয়স এবং সীমিত প্রথম শ্রেণির অভিজ্ঞতা থাকা একজন ক্রিকেটারকে কেন এত বড় দায়িত্ব দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ইস্ট জোনের নির্বাচকদের লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য তরুণ ক্রিকেটারকে নেতৃত্বের অভিজ্ঞতা দেওয়া।

২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। সেন্ট্রাল জোনের বিরুদ্ধে ম্যাচটি তাঁর দশম প্রথম শ্রেণির ম্যাচ এবং দ্বিতীয় দলীপ ট্রফি ম্যাচ। সেই সীমিত অভিজ্ঞতা নিয়েই এবার গুরুত্বপূর্ণ সেমিফাইনালে সিনিয়র দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন তিনি।

ঈশানের কব্জির চোট কতটা গুরুতর, তা মেডিক্যাল পরীক্ষার পর স্পষ্ট হবে। তবে তাঁর অনুপস্থিতিতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সে সিনিয়র স্তরের গুরুত্বপূর্ণ প্রথম শ্রেণির ম্যাচে মাঠে দল পরিচালনা করে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নতুন নজিরের জন্ম দিলেন এই তরুণ ক্রিকেটার।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More