সকাল সকাল ডেস্ক
কলকাতা: আয়ুষ্মান ভারত, স্বাস্থ্যসাথী এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা—হাসপাতালে গেলে রোগী কোন প্রকল্পের অধীনে ক্যাশলেস চিকিৎসা পাবেন, তা নিয়ে বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে। পাশাপাশি আপাতত স্বাস্থ্যসাথীর পরিষেবাও চালু থাকছে।
নতুন নিয়ম অনুযায়ী, হাসপাতালে রোগীর রেজিস্ট্রেশনের সময় স্বাস্থ্যসাথী টিএমএস পোর্টালে আধার নম্বর যাচাই করা হবে। রোগীর আয়ুষ্মান কার্ড আগে থেকেই তৈরি থাকলে তাঁর চিকিৎসা সরাসরি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে হবে। আধার নম্বর পিএম-জেএওয়াই ডেটাবেসে পাওয়া গেলে স্ক্রিনে গ্রিন সিগন্যাল দেখাবে। এরপর হাসপাতালকে ‘প্রসিড টু পিএম-জেএওয়াই টিএমএস’ বিকল্পের মাধ্যমে চিকিৎসা প্রক্রিয়া এগিয়ে নিতে হবে।
তবে আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও পিএম-জেএওয়াই পোর্টালে প্রযুক্তিগত সমস্যা হলে চিকিৎসা আটকে থাকবে না। হাসপাতালকে সমস্যার বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় স্ক্রিনশট জমা দিতে হবে। এরপর স্বাস্থ্যসাথীর অধীনে রোগীর চিকিৎসা চালানো যাবে।
এনএফএসএ ডেটাবেসে নাম থাকা এবং ই-কেওয়াইসি সম্পন্ন হওয়ার পরেও আয়ুষ্মান কার্ড অনুমোদিত না হলে স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসা হবে। ই-কেওয়াইসি বাকি থাকলে আগে তা সম্পন্ন করার চেষ্টা করতে হবে। ৭০ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে ভিভিএস রেজিস্ট্রেশনের নিয়মও প্রযোজ্য হবে।
স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, কোনও রোগীর স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান কার্ড না থাকলেও যোগ্য হলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার সুবিধা মিলবে। প্রয়োজনীয় আবেদনপত্র হাসপাতাল থেকেই দেওয়া হবে।
No Comment! Be the first one.