সকাল সকাল ডেস্ক
আসান (দক্ষিণ কোরিয়া) : কোরিয়া মাস্টার্স ২০২৬-এ দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই থামতে হল ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা তানভী শর্মাকে। শুক্রবার আসানে অনুষ্ঠিত মহিলাদের এককের শেষ আটের লড়াইয়ে স্বদেশী রক্ষিতা রামরাজের কাছে ২১-১৮, ১৯-২১, ১৯-২১ গেমে পরাজিত হন ১৭ বছর বয়সি তানভী।
গত সপ্তাহে তাইপেই ওপেন জিতে সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তানভী। সেই আত্মবিশ্বাস নিয়েই কোরিয়া মাস্টার্সেও তিনি দুর্দান্ত ছন্দে খেলছিলেন। কোয়ার্টার ফাইনালের প্রথম গেম জিতে আরও একটি সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে রক্ষিতা দারুণ প্রত্যাবর্তন করে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান। এরপর রুদ্ধশ্বাস তৃতীয় গেমে স্নায়ুর লড়াইয়ে জয় তুলে নিয়ে মুখোমুখি সাক্ষাতে ৪-০ ব্যবধানে নিজের আধিপত্য বজায় রাখেন।
পরাজিত হলেও তানভীর পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, আন্তর্জাতিক ব্যাডমিন্টনে তিনি দ্রুত নিজের জায়গা তৈরি করছেন। একাধিক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এই পারফরম্যান্স ভারতের জন্যও ইতিবাচক বার্তা।
উল্লেখ্য, প্রি-কোয়ার্টার ফাইনালে তানভী স্বদেশী শ্রীয়াংশী ভালিশেট্টিকে ২১-১৬, ১৭-২১, ২১-১৩ গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন।
এদিকে সেমিফাইনালে উঠেছেন ভারতেরই অস্মিতা চালিহা। তিনি শীর্ষ বাছাই জাপানের হিনা আকেচিকে ২০-২২, ২১-১৫, ২১-১৯ গেমে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছেন। ফলে সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা—অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ।
অন্যদিকে, মহিলাদের দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে ভারতের অভিযান শেষ হয়েছে। মহিলাদের ডাবলসে সোনালী সিং ও রিতিকা থাকের জাপানের সপ্তম বাছাই সুমিরে নাকাদে ও মিউ তাকাহাশির কাছে ২১-১৫, ২১-৯ গেমে পরাজিত হন। মিশ্র দ্বৈতেও ইশান ভাটনাগর ও শ্রুতি মিশ্র দক্ষিণ কোরিয়ার শিন তে-ইয়াং ও কিম ইউ জং জুটির কাছে ২১-১৬, ১৬-২১, ২১-১৩ গেমে হেরে বিদায় নেন।
তবে পুরুষদের দ্বৈত বিভাগে ভারতের আশা এখনও অটুট। পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় ও কৃষ্ণ প্রসাদ গারাগা দক্ষিণ কোরিয়ার কিম ইয়ং-হিউক ও শিন তে-ইয়াং জুটিকে ২১-১৮, ২১-১৯ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।
No Comment! Be the first one.