টুলু মণ্ডল কাণ্ডে তদন্তে নতুন মোড়, উদ্ধার ডায়েরিতে আধিকারিকদের নাম

সকাল সকাল ডেস্ক

কলকাতা, ৪ আগস্ট : বীরভূমের আলোচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তে বড় অগ্রগতির দাবি করল জেলা পুলিশ। তদন্তকারী সংস্থার দাবি, এ পর্যন্ত এই মামলায় প্রায় ২২০ কোটি টাকা মূল্যের নগদ অর্থ ও সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। একই সঙ্গে গ্রেফতার হওয়া টুলুর ব্যবসার ম্যানেজার সিতেশ প্রামাণিকের কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ও একটি ডায়েরি উদ্ধার হয়েছে, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

গোপন সূত্রের ভিত্তিতে রবিবার গভীর রাতে সিতেশ প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে সিউড়ি আদালতে তোলা হলে আদালত সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, জিজ্ঞাসাবাদের সময় সিতেশের কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। ওই ডায়েরিতে একাধিক প্রশাসনিক আধিকারিকের নাম রয়েছে বলে দাবি তদন্তকারীদের। পাশাপাশি, নকল ডিসিআর (ডিমান্ড কালেকশন রসিদ) ছাপানোর একটি মেশিনও উদ্ধার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, এই ভুয়ো ডিসিআর ব্যবহার করেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর পরিবহন ও পাচার চালানো হতো। তদন্তকারীদের সন্দেহ, এই চক্র পরিচালনায় পুলিশ ও প্রশাসনের কিছু ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে। উদ্ধার হওয়া ডায়েরির তথ্যের ভিত্তিতে সেই সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

জেলা পুলিশের দাবি, টুলু মণ্ডল বর্তমানে বিদেশে থাকলেও সেখান থেকেই নিজের ব্যবসা পরিচালনা করছিল। একই সঙ্গে তদন্তে উঠে এসেছে যে ভুয়ো ডিসিআর চক্র এখনও সক্রিয় থাকতে পারে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই মোহাম্মদবাজার থানার এলাকায় পাথরবোঝাই একটি ডাম্পারের নথি পরীক্ষা করতে গিয়ে ভূমি ও রাজস্ব দফতরের আধিকারিকরা ভুয়ো ডিসিআর ব্যবহারের বিষয়টি ধরতে পারেন। চালকের দেওয়া ডিসিআর নম্বর সরকারি নথির সঙ্গে মিল না থাকায় দফতরের অভিযোগের ভিত্তিতে মোহাম্মদবাজার থানায় মামলা দায়ের হয়। তদন্তকারীরা জানিয়েছেন, এই মামলাতেও টুলু মণ্ডলকে অভিযুক্ত করা হতে পারে।

এর আগে রাজ্য সরকার জানিয়েছিল, সরকারি সম্পদের অপব্যবহারের ফলে বিপুল রাজস্ব ক্ষতি হয়েছে। টুলু মণ্ডল ও তাঁর আত্মীয় মিনারের বিভিন্ন ঠিকানা থেকে উদ্ধার হওয়া নগদ অর্থ, সোনা, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সম্পত্তির বিবরণও প্রকাশ করা হয়েছিল। জেলা পুলিশের দাবি, তদন্ত অব্যাহত রয়েছে এবং উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

ভুরকুন্ডায় শীঘ্রই গড়ে উঠতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন, কেন্দ্রীয় কয়লামন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বাস

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি, ৩০ জুলাই: ভুরকুন্ডায় কেন্দ্রীয় বিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মাণের...

Read More