সকাল সকাল ডেস্ক
মেক্সিকো সিটি: মেক্সিকোর ওক্সাকা রাজ্যের নিজান্দা শহরের কাছে রবিবার ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৩ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯৮ জন। ইন্টারওশানিক রেল পরিষেবার ওই ট্রেনে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, ভেরাক্রুজ ও সালিনা ক্রুজকে সংযুক্তকারী প্রধান রেলপথে, আসুনসিওন ইক্সতালতেপেক এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম দুর্ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, নৌবাহিনীর পক্ষ থেকে ১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মাতিয়াস রোমেরো, সালিনা ক্রুজ, জুচিটান ও ইক্সতেপেকের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। প্রেসিডেন্ট দুর্ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিকে দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, নৌবাহিনী সচিব ও স্বরাষ্ট্র দফতরের মানবাধিকার বিষয়ক উপসচিবকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সরাসরি যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে চালু হওয়া এই ইন্টারওশানিক রেল পরিষেবা প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী সংকীর্ণ ভূখণ্ড দিয়ে চলাচল করে। প্রায় ২৯০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মেক্সিকো সরকারের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রকল্প হিসেবে বিবেচিত হয়।
No Comment! Be the first one.