ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড, রায়ে হতাশ ট্রাম্প

সকাল সকাল ডেস্ক

ব্রাসিলিয়া,। ব্রাজিলের সুপ্রিম কোর্ট দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে ২০২২ সালের নির্বাচন পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে আদালত ভেঙে দেওয়া, সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যার পরিকল্পনা করাও অন্তর্ভুক্ত। এই মামলার শুনানি করেন পাঁচ বিচারপতি। তাঁদের মধ্যে চারজন বলসোনারো ও তাঁর সহযোদ্ধা তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং নৌবাহিনীর কমান্ডারসহ সাতজনকে দোষী ঘোষণা করেন।

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ৭০ বছর বয়সি বলসোনারোকে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছে। ব্রাজিলে রাজতন্ত্রের অবসানের পর থেকে সেনাবাহিনী অন্তত ১৫ বার অভ্যুত্থান বা অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। তবে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রাক্তন প্রেসিডেন্টকে এ ধরনের মামলায় দোষী সাব্যস্ত করা হলো। বলসোনারোকে দক্ষিণপন্থী আন্দোলনের মুখপাত্র বলে মনে করা হয়।

এই রায়কে কেন্দ্র করে ব্রাজিল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়তে পারে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার ব্রাজিলের কাছে বলসোনারোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। হোয়াইট হাউস এ জন্য ব্রাজিলের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে চাপ সৃষ্টি করেছিল। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল, কিন্তু বিচারব্যবস্থা তার তোয়াক্কা করেনি। বিচারপতিরা প্রাক্তন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করে আমেরিকার হস্তক্ষেপের প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রায়ে মর্মাহত হয়েছেন। ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, “আমি রায়ে খুবই দুঃখিত। আমি বলসোনারোকে চিনি। আমি তাঁকে পছন্দ করি। আমার মনে হয় এটি ভয়ঙ্কর রায়। সত্যিই ব্রাজিলের জন্য খুব খারাপ রায়।” এদিকে বলসোনারো আবারও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর আইনজীবী পাওলো কুনহা বুয়েনো রায় ঘোষণার আগে বলেছিলেন, “তাঁর কোনোদিনও অভ্যুত্থান করার ইচ্ছা ছিল না। এটি প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক অভিযোগ। যদি প্রাক্তন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয় তবে এটি বিচারব্যবস্থার ইতিহাসে এক কালো অধ্যায় হবে।”

এর আগে বলসোনারোর এক ছেলে তাঁর বাবাকে শাস্তি থেকে রক্ষা করতে হোয়াইট হাউসে লবিং করেছিলেন এবং পরে জুলাই মাসে ট্রাম্প হস্তক্ষেপ করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। ব্রাজিলের ওপর ৫০ শতাংশের বিশাল শুল্ক চাপানো সত্ত্বেও ব্রাজিল নতি স্বীকার করেনি। যুক্তরাষ্ট্র বিচারপতি মোরেসের ওপর কঠোরতম কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবুও রায় প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে যায়।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More