পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধে মৃত ৩২৫, চরম উত্তেজনায় কাঁপছে দুই দেশ

সকাল সকাল ডেস্ক

ইসলামাবাদ ও কাবুল: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দুই দেশের সীমান্ত এখন পুরোদস্তুর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আকাশে যুদ্ধবিমানের গর্জন আর কামানের গোলার শব্দে থরথর করে কাঁপছে গোটা এলাকা। এই ভয়াবহ লড়াইয়ে এখন পর্যন্ত কমপক্ষে ৩২৫ জনের মৃত্যু হয়েছে। ইসলামাবাদের দাবি, তারা ২৭০ জন আফগান তালিবান ও জঙ্গিকে খতম করেছে। অন্যদিকে কাবুলের দাবি, তারা পাকিস্তানের ৫৫ জনের বেশি সেনাকে নিকেশ করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মহম্মদ আসিফ জানিয়েছেন যে, ইসলামাবাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং তিনি আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা করেছেন।

পাক সেনা কাবুল, কান্দাহার এবং পাকতিয়া-সহ আফগানিস্তানের একাধিক অংশে বিমান হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় আফগান তালিবান বাহিনী ডুরান্ড লাইনে পাকিস্তানি সেনার ঘাঁটিতে হামলা চালায়। তালিবান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই পালটা হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং পাক সেনার দুটি বেস ও ১৯টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে। লড়াইয়ে একটি পাকিস্তানি ট্যাঙ্কও গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তাদের দাবি।

এই ভয়াবহ পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুই দেশকেই অবিলম্বে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছেন। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন যে, তিনি পাকিস্তানের পাশে রয়েছেন। অন্যদিকে, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস-এর সভাপতি মিরজানা স্পোলজারিক দুই দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ব্রিটেন তাদের নাগরিকদের পাকিস্তানের নির্দিষ্ট কিছু অংশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ব্রিটিশ নাগরিকদের পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাকিস্তানে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পাক সেনার জনসংযোগ শাখা আইএসপিআর-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই সামরিক অভিযানের নাম দিয়েছেন ‘গজব-লিল-হক’। তিনি সাফ জানিয়েছেন যে, তালিবান সরকারকে ঠিক করতে হবে তারা পাকিস্তানের পাশে থাকবে নাকি টিটিপি, বিএলএ এবং আল-কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর পাশে। পাক সেনার দাবি অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন আফগান তালিবান যোদ্ধা ও অনুগামী নিহত এবং ৪০০-র বেশি আহত হয়েছে। পাক সেনা শত্রুপক্ষের ৭৩টি পোস্ট ধ্বংস করেছে এবং ১৮টি দখল করে নিয়েছে। এই লড়াইয়ে পাকিস্তানের ১২ জন সেনা প্রাণ হারিয়েছেন এবং ২৭ জন আহত হয়েছেন।

Read More News

Read More