আমেরিকা-ইজরায়েলের হামলায় ইরানে ব্যাপক ধ্বংস, লেবানন ছাড়তে শুরু করেছে মানুষ

সকাল সকাল ডেস্ক

তেহরানে : আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া যুদ্ধের আজ সপ্তম দিন। শুক্রবার রাতে ইরানের রাজধানী তেহরানে একাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে ইজরায়েল। একাধিক এলাকায় আগুন লেগেছে। এখনও তেহরানের বহু ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। একই পরিস্থিতি লেবাননের রাজধানী বৈরুতেও। শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বহু মানুষ দেশ ছেড়ে পালাতে শুরু করেছেন। সারা রাত লেবাননের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়ে জঙ্গি সংগঠন হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে ইজরায়েল।

বিস্ফোরণে আলোকিত ইরানের আকাশ
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাগাতার বিস্ফোরণে ইরানের আকাশ আলোকিত হয়ে উঠেছে। তেহরানজুড়ে ধোঁয়ার আস্তরণ তৈরি হয়েছে। এদিকে ইজরায়েলের এক ব্যস্ত শপিং স্ট্রিটে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইজরায়েল স্বীকার করেছে যে বৈরুতে হিজবুল্লার ঘাঁটিগুলিকে লক্ষ্য করে রাতভর অভিযান চালানো হয়েছে। হামলার আগে স্থানীয় বাসিন্দাদের এলাকা খালি করার সতর্কবার্তাও দেওয়া হয়েছিল।

খামেনেইয়ের উত্তরসূরি নির্বাচনে অংশ নিতে চান ট্রাম্প
এই পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরসূরি নির্বাচনের প্রসঙ্গে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই প্রক্রিয়ায় আমেরিকাকেও যুক্ত করা উচিত। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, জ্বালানির দাম বাড়লেও আমেরিকার ওপর তার বড় প্রভাব পড়বে না। যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলেও যুক্তরাষ্ট্র তা সামাল দিতে পারবে বলেও তিনি জানান। এছাড়া সমুদ্রে আটকে থাকা রুশ তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

ইরান দুর্বল হয়ে পড়ছে— দাবি ইজরায়েলের
‘টাইমস অফ ইজরায়েল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা ও ইজরায়েলের দাবি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা অনেকটাই কমেছে। ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, ধারাবাহিক হামলায় ইরানের প্রায় ৮০ শতাংশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ৬০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, অভিযান এখনও চলবে। যদিও ইরান রাতের দিকে মধ্য ইজরায়েলে ক্লাস্টার ওয়ারহেড ছুড়েছিল, তাতে বড় ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

আমেরিকার হাতে বিপুল অস্ত্রভাণ্ডার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হামলা চালিয়ে যাওয়ার জন্য আমেরিকার কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম রয়েছে। ফ্লোরিডায় সেন্ট্রাল কমান্ডের সদর দফতরে সাংবাদিকদের তিনি বলেন, “ইরান মনে করছে আমরা হামলা চালিয়ে যেতে পারব না— এটি তাদের বড় ভুল ধারণা। আমাদের অস্ত্রভাণ্ডার পূর্ণ এবং আমাদের সংকল্পও অটুট।”

হিজবুল্লা প্রধান নঈম কাসেমের খোঁজে ইজরায়েল
‘জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের হামলার জেরে আতঙ্কিত হয়ে বৈরুত ছাড়তে শুরু করেছেন বহু মানুষ। দক্ষিণ লেবানন, বৈরুতসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ লক্ষ হিজবুল্লা সমর্থককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ লেবানন থেকে চার লক্ষেরও বেশি মানুষকে সরানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় হিজবুল্লার ঘাঁটিতে ২৬টি হামলা চালিয়েছে আইডিএফ। ফলে বহু শহর প্রায় জনশূন্য হয়ে পড়েছে। এখনও পর্যন্ত লেবাননে ইজরায়েলের হামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫০। হিজবুল্লা প্রধান নঈম কাসেমের খোঁজেও তল্লাশি চালাচ্ছে ইজরায়েল। ২০২৪ সালে হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিন নিহত হওয়ার পর তিনি সংগঠনের নেতৃত্ব গ্রহণ করেন।

ইরানের পাল্টা হামলা
অন্যদিকে বিভিন্ন সূত্রের দাবি, ইরানও আমেরিকা ও ইজরায়েলের সামরিক ঘাঁটি এবং অঞ্চলের একাধিক দেশে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। যুদ্ধ শুরুর পর এখনও পর্যন্ত ইরানে প্রায় ১২৩০ জন, লেবাননে শতাধিক এবং ইজরায়েলে প্রায় এক ডজন মানুষের মৃত্যু হয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা ছয়টি ইরানি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করেছে এবং সাম্প্রতিক হামলায় ইরানের তিনটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও নষ্ট করে দেওয়া হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রিয়াদের উত্তর-পূর্বে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কুয়েতে ৬৭ সেনা আহত
ইরানের হামলায় কুয়েতের ৬৭ জন সেনা আহত হয়েছেন। শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভেদ করার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে কুয়েত সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সৌদ আল-আতওয়ান জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।

লেবানন ছাড়লেন আইআরজিসি কর্মকর্তারা
লেবাননে অবস্থানরত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বহু কর্মকর্তা বৈরুত ছেড়ে অন্যত্র সরে গিয়েছেন। আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মহম্মদ নাঈনি জানিয়েছেন, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। এদিকে হিজবুল্লা টেলিগ্রামে জানিয়েছে, তারা ইজরায়েলের স্থলবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করছে।

মনামায় হামলা
ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের রাজধানী মনামায় রাতভর হামলা চালিয়ে ফিনান্সিয়াল হারবার টাওয়ার্স বাণিজ্যিক কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই কমপ্লেক্সেই ইজরায়েলের দূতাবাস থাকায় সেটিকে নিশানা করা হয় বলে দাবি করা হয়েছে।

Read More News

Read More