সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন। ইরানকে নিয়ে আবারও কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি পুনরায় তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালু করার চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র ফের সামরিক হামলা চালাতে পারে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা খবর পাচ্ছি, ইরান আবার তাদের কর্মসূচি শক্তিশালী করার চেষ্টা করছে। যদি তারা এমন কিছু করে, তবে আমাদের আবারও তা থামাতে হবে। আমরা কঠোর পদক্ষেপ নেব।”
ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি পুনরায় গড়ে তোলার পথে এগোয়, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক হামলার পক্ষে সমর্থন জানাবে। তিনি ইরানকে পরামর্শ দেন, সংঘাতের পথে না গিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতার পথ বেছে নেওয়াই তাদের জন্য বেশি বুদ্ধিমানের হবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “সমঝোতা করা তাদের পক্ষেই ভালো হবে। আগেও তাদের সেই সুযোগ ছিল, কিন্তু তারা তা নেয়নি। তার ফলস্বরূপ তাদের বড় ধরনের হামলার মুখে পড়তে হয়েছে।”
উল্লেখ্য, চলতি বছরই যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমাবর্ষণ করেছিল, যাকে ট্রাম্প তার অন্যতম বড় সামরিক সাফল্য হিসেবে দাবি করেছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরান আবারও তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করছে। এমন পরিস্থিতিতে মনে করা হচ্ছে, এই ইস্যুতে ট্রাম্পের ওপর আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে পারেন নেতানিয়াহু।
No Comment! Be the first one.