একসাথে নিয়োগের দাবিতে রাস্তায় টেট-২ উত্তীর্ণরা, আটক বহু চাকরিপ্রার্থী

সকাল সকাল ডেস্ক

আগরতলা : টেট-২ উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের একসাথে নিয়োগের দাবিতে মঙ্গলবার আগরতলায় উত্তেজনা ছড়ায়। এদিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন শতাধিক চাকরিপ্রার্থী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের আটক করে এডিনগরস্থিত পুলিশ মাঠে নিয়ে যায়।

জানা যায়, ২০২৫ সালের টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই একযোগে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। সম্প্রতি রাজ্য সরকার টেট-২ উত্তীর্ণদের মধ্য থেকে ১০২০ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেয়। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় রোস্টার পদ্ধতি অনুসরণ করায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের।

আন্দোলনকারীদের দাবি, সংরক্ষণ নীতিমালা মেনে নিয়োগ করা হলে বাস্তবে প্রায় ৭০০ থেকে ৭৫০টি পদ পূরণ হবে। ফলে বাকি পদগুলো শূন্য থেকে যাবে এবং মোট উত্তীর্ণদের প্রায় অর্ধেকই বঞ্চিত হবেন। অথচ মোট ১৪৮৮ জন পরীক্ষার্থী টেট-২ উত্তীর্ণ হয়েছেন এবং শূন্যপদের সংখ্যা তার থেকেও বেশি বলে দাবি তাঁদের।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে এদিন সকালে আগরতলায় সিটি সেন্টারের সামনে জড়ো হন টেট-২ উত্তীর্ণরা। সেখানে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শনের পর তাঁরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে পৌঁছে বিক্ষোভে সামিল হয়।

বিক্ষোভস্থল থেকে জনৈক চাকরিপ্রার্থী জানান, “আমরা ১৪৮৮ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু সরকার মাত্র ১০২০ জনকে নিয়োগের কথা বলছে। সংরক্ষণ নীতি মেনে চললে তারও অর্ধেকের মতো চাকরি পাবেন। তাহলে বাকিদের ভবিষ্যৎ কী হবে? আমরা সবাই একসাথে নিয়োগ চাই এবং বাকি নিয়োগ কবে হবে তার স্পষ্ট সময়সীমা জানতে চাই।”

এদিকে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। প্রথমে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে এলাকা ছেড়ে সরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু আন্দোলনকারীরা তা মানতে অস্বীকার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে এবং তাঁদের এডিনগরস্থিত পুলিশ মাঠে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More