সকাল সকাল ডেস্ক:
কিয়েভ: ইউক্রেনে রাশিয়ার লাগাতার হামলায় ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। রাতভর চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্ক সফরে থাকাকালীন এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল একাধিক শহর, যার মধ্যে নিকোপোল এবং সুমি উল্লেখযোগ্য। বিস্ফোরণে আবাসিক এলাকা, বাজার ও বিভিন্ন ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া রাতভর ২৮৬টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে ২৬০টি প্রতিহত করা সম্ভব হয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্দার হানজা জানান, নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল শহরে তিন জন মহিলা ও দুই জন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া আরও ১৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ বছরের এক কিশোরীও রয়েছে। হামলায় বাজারের স্টল ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলা এমন সময় হয়েছে, যখন প্রেসিডেন্ট জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের জন্য ইস্তানবুলে অবস্থান করছেন। তিনি পূর্ব অর্থডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক গুরু এক্যুমেনিক্যাল প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
জাতীয় পুলিশ জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরে আরেকটি হামলায় ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে। এই হামলায় আবাসিক এলাকা, বাড়ি, গাড়ি এবং পরিষেবা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে রাজধানী কিয়েভে একটি ড্রোন হামলায় তিনতলা একটি অফিস ও গুদামঘরের প্রথম তলায় আগুন লাগে। তবে সেখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক শনিবার দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক-শিল্প ও জ্বালানি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় দীর্ঘপাল্লার আকাশ ও স্থলভিত্তিক নির্ভুল অস্ত্র এবং আক্রমণকারী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। অন্য একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী রাতভর নয়টি রুশ অঞ্চল, রাশিয়ার অন্তর্ভুক্ত ক্রিমিয়া এবং কৃষ্ণসাগরের আকাশে ৮৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।
অন্যদিকে, ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, সেখানে এক জনের মৃত্যু হয়েছে এবং চার জন আহত হয়েছেন। এই হামলায় একটি লজিস্টিক্স কোম্পানির গুদামে আগুন লাগে এবং উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি বিদেশি পতাকাবাহী শুকনো পণ্যবাহী জাহাজেও আগুন ধরে যায়।
এছাড়া সামারা অঞ্চলের তলিয়াত্তি শহরে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ। একটি আবাসিক ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একাধিক ফ্ল্যাটের জানালা ভেঙে গেছে।
No Comment! Be the first one.