সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন : ট্রাম্প প্রশাসন আলাস্কার আর্কটিক ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজে (Arctic National Wildlife Refuge) তেল ও গ্যাস উত্তোলনের পথ খুলে দিয়েছে। প্রশাসনের আশা, এখানকার বিপুল তেল ও গ্যাস মজুত থেকে সরকার বিপুল রাজস্ব আয় করবে। বৃহস্পতিবার এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। আর্কটিক ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম অবশিষ্ট প্রাকৃতিক বন্যাঞ্চল।
দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এই অভয়ারণ্য প্রায় ১৫.৬ লাখ একর জুড়ে বিস্তৃত। ধারণা করা হয়, এখানে কয়েক বিলিয়ন ব্যারেল তেলের ভাণ্ডার রয়েছে। এটি মেরু ভাল্লুক, কারিবু, পরিযায়ী পাখি এবং বহু বন্যপ্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। প্রথম দফার শাসনামলেই প্রেসিডেন্ট ট্রাম্প করবিল সংক্রান্ত আইনে স্বাক্ষর করে এই অভয়ারণ্যে খননের অনুমতি দেন। সেই অনুযায়ী কিছু লিজও দেওয়া হয়েছিল। পরে বাইডেন প্রশাসন সেই লিজ বাতিল করে দেয়।
অভ্যন্তরীণ বিষয়ক দপ্তরের সচিব ডগ বার্গাম বৃহস্পতিবার সদর দফতরে আয়োজিত ‘আলাস্কা ডে’ অনুষ্ঠানে প্রশাসনের সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি জানান, এই শীতেই উপকূলীয় সমভূমিতে তেল ও গ্যাসের লিজ বিক্রি হবে। বাইডেন প্রশাসনের আমলে ২০২১ সালে বাতিল হওয়া সাতটি লিজ পুনরায় চালু করা হবে। বার্গাম আরও বলেন, অভ্যন্তরীণ দপ্তর দক্ষিণ–পশ্চিম আলাস্কার ইজেমবেক ন্যাশনাল ওয়াইল্ডলাইফ রিফিউজের মধ্য দিয়ে একটি সড়ক নির্মাণের চুক্তি চূড়ান্ত করেছে। পাশাপাশি তিনি ঘোষণা করেন যে, উত্তর আলাস্কার প্রস্তাবিত তামা ও দস্তার খনিতে পৌঁছতে একটি শিল্প সড়ক নির্মাণকেও অনুমোদন দেওয়া হবে, যা প্রাচীন বনাঞ্চলের ভেতর দিয়ে যাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে আমেরিকার তেল ও গ্যাস উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আসছেন। প্রশাসনের এই নতুন পরিকল্পনাকেও সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তবে বড় তেল কোম্পানিগুলি এর আগে এই অভয়ারণ্যে খননে বিশেষ আগ্রহ দেখায়নি। এখনও স্পষ্ট নয়, আসন্ন নিলামে তারা অংশ নেবে কি না। এমনকি বেশ কয়েকটি বড় ব্যাংকও এখানকার খননের জন্য অর্থায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলি এই পরিকল্পনার বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান গৃহবিভাগের এক অনুষ্ঠানে বলেন, “বাইডেন প্রশাসন মানুষের জীবনের চেয়ে পাখির জীবনকে বেশি মূল্য দিচ্ছে। আজ সেই নীতির ইতি ঘটছে।”
আলাস্কা ওয়াইল্ডারনেস লিগ–এর নির্বাহী পরিচালক ক্রিস্টেন মিলার এক ই-মেলে জানান, “আমরা আর্কটিক অভয়ারণ্যের নাজুক উপকূলীয় সমভূমির শিল্পায়নের যেকোনও প্রচেষ্টার বিরোধিতা করব। সব রকম আইনি পথ আমরা খোলা রাখব।”
আলাস্কার এই দূরবর্তী অঞ্চলে খনন হবে কি না — এই প্রশ্নটি প্রায় অর্ধশতাব্দী ধরে রাজনৈতিক ও আইনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
১৯৮০ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার ‘আলাস্কা ন্যাশনাল ইন্টারেস্ট ল্যান্ডস কনজারভেশন অ্যাক্ট’-এ স্বাক্ষর করেন। তাতে অধিকাংশ এলাকা ‘বন্যাঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয় এবং কার্যত ড্রিলিং নিষিদ্ধ করা হয়। কিন্তু কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা দীর্ঘদিন এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যান। অবশেষে ২০১৭ সালে তারা একটি করবিল পাস করান, যাতে ২০২৪ সালের শেষ নাগাদ উপকূলীয় সমভূমিতে দুটি লিজ বিক্রির নির্দেশ দেওয়া হয়।
তবে দুটি নিলামই ব্যাপকভাবে ব্যর্থ হয় — প্রথম নিলামে বড় তেল কোম্পানিগুলির কেউই অংশ নেয়নি, এবং নয়টির মধ্যে সাতটি লিজ আলাস্কা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট অথরিটি অর্জন করে। দ্বিতীয় নিলামে একটিও বিড জমা পড়েনি।
No Comment! Be the first one.