সকাল সকাল ডেস্ক
স্যাক্রামেন্টো (ক্যালিফোর্নিয়া)। ক্যালিফোর্নিয়ায় বুধবার এক শক্তিশালী ঝড় আছড়ে পড়ে। এ সময় প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই নদীগুলি উপচে পড়ে এবং বহু এলাকা বন্যায় প্লাবিত হয়ে যায়। রাস্তায় ভেসে আসে মাটি ও ধ্বংসাবশেষ। কয়েকটি স্থানে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়েছে। আবহাওয়া ও বিজ্ঞান বিভাগ জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বহু বছর পর বড়দিনে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে।
সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, কর্তৃপক্ষ আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। জানুয়ারিতে বনাঞ্চলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কর্মকর্তারা জানান, জীর্ণ বাড়িতে বসবাসকারী প্রায় ৩৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ বুধবার সকালে জানায়, উত্তর-পশ্চিম অঞ্চলে একটি ড্রেনেজ টানেলে আটকে পড়া এক ব্যক্তিকে দমকলকর্মীরা উদ্ধার করেছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বুধবার লস অ্যাঞ্জেলেস, অরেঞ্জ, রিভারসাইড, সান বার্নার্ডিনো, সান ডিয়েগো ও শাস্তা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার গভীর রাতে ঝড়ের সতর্কতা জারি করেছিল।
লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তাদের মতে, ঝড়ের সময় বহু গাছ ও বিদ্যুতের তার ভেঙে পড়েছে। এর ফলে একাধিক প্রধান সড়ক বন্ধ হয়ে গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ মাইক ওয়াফোর্ড জানান, সাধারণত বছরের এই সময়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আধা ইঞ্চি থেকে এক ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হয়, কিন্তু এই সপ্তাহে অনেক এলাকায় চার থেকে আট ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। লস অ্যাঞ্জেলেস পুলিশ মানুষজনকে জীর্ণ ও দুর্বল হয়ে পড়া বাড়িতে না থাকার আবেদন জানিয়েছে।
No Comment! Be the first one.