বোমাতঙ্ক স্তব্ধ দুর্গাপুর আদালত, খালি করা হলো আদালত ভবন

সকাল সকাল ডেস্ক

সোমনাথ গুপ্ত , দুর্গাপুর
অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকালে স্বাভাবিক ছন্দেই চলছিল আদালতের কাজকর্ম। বিচারক এজলাসে, আইনজীবীরা ব্যস্ত মামলার প্রস্তুতিতে, আর ন্যায়বিচারের আশায় সাধারণ মানুষ অপেক্ষায়— ঠিক সেই সময় আচমকাই ছন্দপতন।

সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ আসানসোল জেলা আদালত-এর জেলা বিচারকের দপ্তরে একটি ই-মেল আসে। সেখানে দাবি করা হয়, জেলা আদালত ও মহকুমা আদালত চত্বরে বোম রাখা হয়েছে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আসানসোল আদালতে বোমাতঙ্ক

মেল পাওয়ার পরই তৎপর হয় আদালত প্রশাসন। জেলা বিচারকের নির্দেশে সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় আদালত চত্বর। বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ডাকা হয় বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি অভিযান।

জেলা বিচারক দেবপ্রসাদ নাথ জানান, “মনে হচ্ছে এটা ভুয়ো মেল। তবুও আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। সকলের নিরাপত্তার স্বার্থে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে। আনুমানিক সাড়ে এগারোটা সময় মেল আসে, সেখানে লেখা ছিল যে বোম রাখা হয়েছে। সেই কারণেই আপাতত আদালতের কাজ বন্ধ রাখা হয়েছে।”

খবর ছড়িয়ে পড়তেই আদালত চত্বরের বাইরে ভিড় জমাতে শুরু করেন উদ্বিগ্ন মানুষজন। আইনজীবীদের একাংশ জানান, হঠাৎ করে এভাবে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বহু মামলার শুনানি স্থগিত রাখতে হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় তদন্ত শুরু হয়েছে। যদিও প্রাথমিকভাবে এটি ভুয়ো হুমকি বলেই মনে করা হচ্ছে, তবুও কোনো রকম ঝুঁকি এড়াতে প্রতিটি কোণায় কোণায় তল্লাশি চালানো হচ্ছে।

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে। আদালতের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের হুমকি মেল পাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

এখন দেখার, তদন্তে কী উঠে আসে— সত্যিই কি এটি নিছক আতঙ্ক ছড়ানোর চেষ্টা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য।

Read More News

Read More