সকাল সকাল ডেস্ক,
নয়াদিল্লি : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার নতুন দিল্লির সাউথ ব্লকে ভবিষ্যতের চাহিদা অনুসারে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি সংক্রান্ত ‘ডিফেন্স ফোর্সেস ভিশন ২০৪৭ : আ রোডম্যাপ ফর আ ফিউচার রেডি ইন্ডিয়ান মিলিটারি’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করেছেন। প্রতিরক্ষা বাহিনীর সুসংহত সদর দফতর থেকে এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে। এর মধ্য দিয়ে ২০৪৭ সালে বিকশিত ভারতের চাহিদা পূরণের জন্য প্রযুক্তি-নির্ভর আধুনিক এক সুসংহত বাহিনী গড়ে তোলার পন্থাপদ্ধতি উল্লেখ করা হয়েছে। এই পুস্তিকায় সেনাবাহিনীর কৌশলগত সংস্কার, দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন পরিবর্তনের পরিকল্পনার উল্লেখ রয়েছে। এর মধ্য দিয়ে একটি সুসংহত বহুপাক্ষিক বাহিনী গড়ে তোলা সম্ভব হবে যারা দেশের কৌশলগত স্বার্থকে রক্ষা করে যে কোনও সংঘাতে সাফল্য অর্জন করবে।
এ সংক্রান্ত পরিকল্পনার মূল স্তম্ভ হল বাহিনীগুলির মধ্যে আরও সমন্বয় বৃদ্ধি করা, যাতে বিভিন্ন অভিযানে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সাফল্য অর্জন করা যায়। এই পুস্তিকায় প্রতিরক্ষা ক্ষেত্রের আত্মনির্ভরতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত সরঞ্জাম যাতে আরও বেশি করে ব্যবহার করা যায়, সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। এছাড়াও, স্বল্প, মাঝারি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রের বিভিন্ন চ্যালেঞ্জ আরও জটিল হয়ে আত্মপ্রকাশ করবে। এই বিষয়টিকে স্বীকৃতি দিয়ে এই পুস্তিকায় কূটনীতি, প্রযুক্তি এবং অর্থনৈতিক ক্ষমতার সঙ্গে সামরিক শক্তিকে যুক্ত করার প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের সুরক্ষা নিশ্চিত হবে। এই পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, নৌ-বাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনাবাহিনীর উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিং সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
No Comment! Be the first one.