মহেশতলায় রেললাইনের পাশে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
সকাল সকাল ডেস্ক। দক্ষিণ ২৪ পরগনা, ২৯ আগস্ট : মহেশতলার সন্তোষপুরে রেললাইনের পাশে মিলল মহিলার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়। মহেশতলা থানার পুলিশ ও জিআরপি গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মহিলার দেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। সেই ব্যাগের থেকে মোবাইল চার্জার, আধার কার্ড পায় পুলিশ। কিন্তু কীভাবে মৃত্যু? খুন, আত্মহত্যা নাকি নিছক দুর্ঘটনা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পাটনায় কংগ্রেস–বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ
সকাল সকাল ডেস্ক। পাটনা, ২৯ আগস্ট : বিহারে রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রায়’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর ও অপমানজনক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে শুক্রবার পাটনায় কংগ্রেসের দলীয় দফতরের সামনে প্রতিবাদে বসেন বিজেপি কর্মীরা। অভিযোগ, তাদের লক্ষ্য করে পাথর ছোড়ে বিরোধীরা। তার জেরে দুই দলের কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি বেধে যায়। পতাকার লাঠি নিয়ে একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ে। উল্লেখ্য, ‘ভোটচুরি’র অভিযোগে বিহারে দীর্ঘ ১৩০০ কিলোমিটার ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের যাত্রাপথেরই এক সভামঞ্চ থেকে নরেন্দ্র মোদী এবং তাঁর মা কে জড়িয়ে অপমানজনক ভাষায় স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। সেসময় মঞ্চে নেতৃত্বস্থানীয় কেউ ছিলেন না। কার্যত ফাঁকা মঞ্চের দখল চলে গিয়েছিল সাধারণ কর্মীদের হাতে। কর্মীরাই মঞ্চে উঠে ওই কাণ্ড ঘটান।
জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ, জখেনি-চেনানি এলাকায় ক্ষয়ক্ষতির কারণে যাত্রা বারণ
সকাল সকাল ডেস্ক। জম্মু, ২৯ আগস্ট : জখেনি এবং চেনানির মাঝে ব্যাপক ক্ষতির কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক শুক্রবার পর্যন্ত বন্ধ রয়েছে। ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সড়কে যাত্রীদের না চলার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মানুষ যেন কোনও গুজবে কান না দেন। এদিকে মুঘল রোড ও শ্রীনগর-সোনমার্গ-গুমরি রোডে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সিন্থান রোড আপাতত শুধুমাত্র হালকা যান চলাচলের জন্য খোলা হয়েছে। প্রশাসন যাত্রীদের শৃঙ্খলা বজায় রাখতে এবং ওভারটেক এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
নুসরত জাহানের ‘রক্তবীজ ২’ আইটেম গান: দর্শকও, যশ দাশগুপ্তও মুগ্ধ
সকাল সকাল ডেস্ক। কলকাতা‘রক্তবীজ ২’ সিনেমার একটি আইটেম গানের মুক্তি নিয়েই আলোচনায় এলেন অভিনেত্রী নুসরত জাহান। গানের জনপ্রিয় কলি “অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেওনা…” বর্তমানে দর্শকের মধ্যে মিম ও কথোপকথনের অংশ হিসেবে ছড়িয়ে পড়েছে। নুসরত বলেন, “আমি বিষয়টি ক্রিয়েটিভ এবং এস্থেটিক দিক থেকে দেখছি। একজন অভিনেত্রী হিসেবে এই গানের কলিতে আমার কোনো অসুবিধা নেই।” কয়েক মাস ধরেই নুসরত ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে। টলিপাড়ায় জোর জল্পনা চলছে যে, যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের ভাঙন হয়েছে। এই আইটেম গানের প্রসঙ্গে নুসরত জানালেন, “এই গান মুক্তির পর যশ দেখেছে এবং প্রশংসা করেছেন। এর আগেও আমি আইটেম ডান্স করেছি, এবং দর্শক এই নতুন আইটেম গানকে ইতিমধ্যেই পছন্দ করছে।” পুজোর ছবিতে ‘রক্তবীজ ২’-এর এই আইটেম গান গুরুত্বপূর্ণ মোচড়ের সময়ে দর্শকের সামনে আসবে। নুসরত তার ব্যক্তিগত জীবন নিয়েও গুঞ্জনকে পাত্তা না দিয়ে নিজের মতো করে সব কিছু সামলাচ্ছেন। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, “অর্ডার ছাড়া বর্ডার পার করলে ব্যক্তিগত জীবনে প্রবেশ নিষেধ।”
অ্যাকশন, রোমান্স আর নতুন জুটি আল্লু–দীপিকা
সকাল সকাল ডেস্ক। রাঁচি – মুম্বাই দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউডের দীপিকা পাডুকোনকে একসঙ্গে দেখার জন্য বড়পর্দার দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছে। পরিচালক অ্যাটলির প্যান-ইন্ডিয়া প্রজেক্ট ‘AA22xA6’-তে এই জুটি প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সূত্রের খবর, খুব শিগগিরিই ছবির শুটিং শুরু হবে এবং দীপিকা এই প্রজেক্টের জন্য টানা ১০০ দিনের শিডিউল দিয়েছেন। ‘পিঙ্কভিলা’র একটি সূত্র জানিয়েছে, “দীপিকা ইতিমধ্যেই ছবির প্রস্তুতি শুরু করেছেন এবং নভেম্বর থেকে শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ১০০ দিনের এই শিডিউলে মূলত নাটকীয় ও অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। আল্লু অর্জুনের সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে এক নতুন রূপে দেখা যাবে।” ছবিতে দীপিকাকে একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে। তার জন্য বিশেষ পোশাক এবং অস্ত্র ডিজাইন করা হচ্ছে। এছাড়াও, আল্লু অর্জুন এবং দীপিকা দু’জনেই একাধিক চরিত্রে অভিনয় করবেন। শুটিং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এবং ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পেতে পারে। আল্লু অর্জুন এই ছবিকে নিজের ক্যারিয়ারের অন্যতম মর্যাদাপূর্ণ কাজ হিসেবে দেখছেন। অ্যাটলির সঙ্গে আল্লু অর্জুনের এটি প্রথম প্রজেক্ট। আল্লু সম্প্রতি ‘পুষ্পা ২: দ্য রুল’-এর কাজ শেষ করেছেন। এই ছবিটি বিশাল বাজেটে তৈরি হচ্ছে এবং প্যান-ইন্ডিয়া স্তরে মুক্তি পাবে। এতে থাকবে অ্যাকশন, রোমান্স এবং ইমোশনাল ড্রামার মিশ্রণ। দীপিকা মা হওয়ার পর ক্যামেরার সামনে ফিরছেন ‘কিং’ এবং অ্যাটলির এই ছবি দিয়ে। ২০২৬ সালের শেষের দিকে তিনি উভয় ছবির শুটিং একসঙ্গে সামলাবেন। অন্যদিকে, আল্লু অর্জুনকে সম্প্রতি ‘পুষ্পা ২: দ্য রুল’-এ দেখা গেছে। তাঁর ‘পুষ্পা রাজ’ চরিত্র দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। এছাড়া তিনি ত্রিভিক্রম শ্রীনিবাসের একটি সোশিও-পৌরাণিক ফ্যান্টাসি ছবিতে এবং বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ৩’-এও অভিনয় করবেন।
বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে বিজেপি, তোপ রাহুলের
সকাল সকাল ডেস্ক। সীতামঢ়ী, ২৮ আগস্ট : ভোটার অধিকার যাত্রা থেকে ফের একবার বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন, বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে বিজেপি। রাহুল গান্ধী বৃহস্পতিবার সকালে সীতামঢ়ীর জানকি মন্দিরে পূজার্চনা করেন। পরে ভোটার অধিকার যাত্রায় অংশ নেন। তিনি বলেছেন, “আমরা জানি, তাঁরা বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে। সেই কারণেই আমরা এখানে ভোটার অধিকার যাত্রা শুরু করেছি, যাতে এই মানুষগুলি এবং নির্বাচন কমিশনার জানতে পারেন যে, বিহারের মানুষ বুদ্ধিমান, সতর্ক এবং তাঁরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিহারে একটি ভোটও চুরি করতে দেবে না। তাঁরা দরিদ্রদের কাছ থেকে ভোট চুরি করছে, কারণ তাঁরা আপনাদের কণ্ঠস্বর দমন করতে চায় এবং আমি এই মঞ্চ থেকে বলতে চাই, তাঁরা কখনই আপনাদের কণ্ঠস্বর দমন করতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি।” রাহুল গান্ধী আরও বলেছেন, “এই যাত্রায় আপনারা সমস্ত শক্তি ঢেলে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা আসছে, তাঁরা আমার কানে কানে বলছে, নরেন্দ্র মোদী ভোট চুরি করে। কর্ণাটকে আমরা প্রমাণ দিয়ে দেখিয়েছি যে, বিজেপি ভোট চুরি করেছে। এর আগে আমি কখনও বলিনি যে বিজেপি এবং নির্বাচন কমিশন ভোট চুরি করছে। এখনও পর্যন্ত আমি কেবল কর্ণাটকের প্রমাণ দিয়েছি। আগামী সময়ে, আমি লোকসভা নির্বাচন এবং হরিয়ানা নির্বাচনের প্রমাণ দেব।”
হিমাচলে বর্ষায় মৃত্যু বেড়ে ৩১০, ক্ষতি ২,৬২৩ কোটি টাকার
সকাল সকাল ডেস্ক। শিমলা, ২৮ আগস্ট : বর্ষার বৃষ্টিতে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে ৩১০ জনের। এর মধ্যে বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ১৫৮ জন এবং সড়ক দুর্ঘটনায় ১৫২ জনের মৃত্যু হয়েছে। এযাবৎ হিমাচলে ক্ষয়ক্ষতি হয়েছে ২ হাজার ৬২৩ কোটি টাকার। ২০ জুন থেকে ২৭ আগস্ট পর্যন্ত সময়কালের রিপোর্ট অনুযায়ী, বৃষ্টিজনিত কারণে ৩৬৯ জন আহত এবং ৩৮ জন নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টিপাতের ফলে গবাদি পশুরও মৃত্যু হয়েছে, ১,৮৫২টি প্রাণী এবং ২৫,৭৫৫টি হাঁস-মুরগি এই মরশুমে মারা গেছে। সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, জল সরবরাহ ব্যবস্থা এবং বিদ্যুৎ লাইন-সহ সরকারি পরিকাঠামোর ক্ষতির পরিমাণ ২,৪৪,০০০ লক্ষ টাকারও বেশি, যেখানে ঘরবাড়ি, দোকান, গোয়ালঘর এবং ফসল-সহ ব্যক্তিগত সম্পত্তির ক্ষতির পরিমাণ ১৮,০০০ লক্ষ টাকারও বেশি, যার ফলে মোট আনুমানিক ক্ষতি ২,৬২,৩৩৬.৩৮ লক্ষ টাকারও বেশি। মান্ডি জেলায় ৫১ জন মারা গিয়েছেন (বৃষ্টিজনিত কারণে ২৯ জন, সড়ক দুর্ঘটনায় ২২ জন) এবং ঘরবাড়ি, কৃষি এবং বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। কাংড়ায় ৪৯ জন মারা গিয়েছেন, এরপর চাম্বা (৩৬ জন) এবং শিমলা (২৮ জন মারা গেছেন)।
আর জি কর মামলা থেকে সরলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট: আর জি কর মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিচারপতি ঘোষ সরে দাঁড়ানোয় মামলা ফিরে গেল প্রধান বিচারপতির কাছে। অভয়া কাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার মূলত নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আর্জি সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানান, এই সংক্রান্ত মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই এই মামলার শুনানিও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলেই মনে করছেন বিচারপতি ঘোষ। এই যুক্তিতেই তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন।
ছাত্রদের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা সুপ্রিম কোর্টে আটকেছেন, দাবি অভিষেকের
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট : “হাই কোর্টের একাংশ বাংলার ছাত্রদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল, সুপ্রিম কোর্টে আটকেছি।” দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বৃহস্পতিবার রেড রোডের সমাবেশে প্রধান বক্তা হিসেবে এই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। “আগে মানুষ সরকার বেছে নিত। কিন্তু এখন কেন্দ্রীয় সরকার ভোটার বাছছে”! বিজেপিকে এই ভাষাতেই এসআইআর প্রসঙ্গে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তাঁর বক্তব্যে উঠে আসে বাংলা ভাষার অপমান প্রসঙ্গও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। এসআইআর-এর নাম করে দেশের ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিপ্রেক্ষিতেই তাঁর সাফ কথা, এর বিরুদ্ধে লড়াই চলবে।
কাঁকুড়গাছির বিজেপি কর্মীর খুনের মামলায় ধৃত অবসরপ্রাপ্ত এসি-র জামিন
সকাল সকাল ডেস্ক। কলকাতা, ২৮ আগস্ট : চার বছর আগে কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের মামলায় ধৃত কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি (তৎকালীন ওসি, নারকেলডাঙা থানা) শুভজিৎ সেনকে জামিন দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষ জেল হেফাজতে থাকা ওই ওসির জামিনের আর্জি মঞ্জুর করেছেন। প্রায় সাড়ে চার বছরের পুরনো এই মামলায় নাম জড়িয়েছে একাধিক পুলিশকর্মী ও আধিকারিকের। গত ১৮ জুলাই বিশেষ সিবিআই আদালত কলকাতা পুলিশের তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পাশাপাশি, শুভজিৎ এবং ‘খুনে সাহায্যকারী’ সুজাতা দে-র জামিনের আবেদন খারিজ করে তাঁদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে চলতি মাসের শুরুতে রত্না এবং দীপঙ্কর জামিন পেয়ে যান। সিবিআই হাই কোর্টে তাঁদের জামিনের বিরোধিতা করলেও বিচারপতি জয় সেনগুপ্ত শেষমেশ দুই পুলিশকর্মীর জামিনের আবেদন মঞ্জুর করেন। এ বার মামলায় আর এক অভিযুক্ত শুভজিৎও জামিন পেলেন।