আনন্দপুর অগ্নিকাণ্ডে প্রশাসনিক গাফিলতির ইঙ্গিত, কড়া অগ্নি-সুরক্ষা ব্যবস্থার বার্তা রাজ্যপালের

সকাল সকাল ডেস্ক

কলকাতা : শুক্রবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল আনন্দপুর অগ্নিকাণ্ডের বিষয়ে নিজের মতামত জানান।

​রাজ্যপাল বলেন, কোনও দুর্ঘটনাই নিছক ঘটনা নয়। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে এবং সর্বজনিক স্থানে নিয়মিত ‘ফায়ার অডিট’ করা অনিবার্য। এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হতে হবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এখন পাল্টা অভিযোগের সময় নয়, বরং উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন তিনি।

​আনন্দপুরে অগ্নিকাণ্ড প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এটি অত্যন্ত ভয়ংকর দৃশ্য এবং এতে মূল্যবান প্রাণহানি ঘটেছে। আগুন লাগার সময় ও পরে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা নেওয়া হয়নি বলেও তিনি ইঙ্গিত দেন। প্রশাসন ও গোডাউন মালিকপক্ষের সমান দায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এটি স্রেফ দুর্ঘটনা নয়, মানুষের ভুল বলেও কড়া ভাষায় জানান রাজ্যপাল। খুব দ্রুত একটি অ্যাডভাইজারি জারি করা হবে বলেও তিনি জানান। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাস্থলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস।

Read More News

Read More