সকাল সকাল ডেস্ক।
কলকাতা, ২ জুলাই:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হলেন শমীক ভট্টাচার্য। বুধবার দুপুরে দিল্লি থেকে ফিরে মনোনয়নপত্র জমা দেন তিনি। নির্ধারিত সময়সীমার মধ্যে আর কোনও মনোনয়ন না পড়ায় বিনা লড়াইয়েই সভাপতি পদে নির্বাচিত হন দলের বর্ষীয়ান নেতা শমীক।
বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের স্থলাভিষিক্ত হলেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর নাম ঘুরছিল রাজনৈতিক মহলে, অবশেষে সেই জল্পনায় ইতি পড়ল। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি মুরলি ধর সেন লেনের পুরনো পার্টি অফিসে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে শমীকের। মাত্র আট বছর বয়সে ১৯৭১ সালে স্বয়ংসেবক সংঘে যোগ দিয়ে রাজনীতির ময়দানে পা রাখেন। দক্ষিণ হাওড়া মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক হিসেবে শুরু করে একটানা ১১ বছর সে দায়িত্ব সামলান। পরে তিনবার রাজ্য সাধারণ সম্পাদকের পদে ছিলেন, দলের জাতীয় কার্যকরী ও রাজ্য কোর কমিটির সদস্যও ছিলেন তিনি। বসিরহাটের প্রাক্তন বিধায়ক বর্তমানে রাজ্যসভার সাংসদ এবং দলের মুখপাত্র।
সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশ সফর করেন। বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে চলা অন্তর্দ্বন্দ্ব নিরসনে এখন তাঁর কৌশলী নেতৃত্বের দিকেই নজর রাজনৈতিক মহলের।
No Comment! Be the first one.