সকাল সকাল ডেস্ক।
গুয়াহাটি,
সংগীত-তারকা জুবিন গার্গের অকালমৃত্যুর সুষ্ঠু তদন্ত করবে রাজ্য সরকার। প্রয়াত জুবিনের মরদেহ গুয়াহাটিতে আসার পর, তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন, জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, রাজ্যের সাংস্কৃতিক ও শিক্ষা মন্ত্রী যথাক্রমে বিমল বরা এবং ডা. রণোজ পেগুকে সঙ্গে নিয়ে আজ শনিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সাংবাদিকদের এ তথ্য দিয়ে জানান, সাংস্কৃতিক কর্মী শ্যামকানু মহন্ত এবং জুবিনের দীর্ঘদিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে তদন্তের আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, মর্মান্তিক ক্ষতির পেছনে বিদ্যমান সত্যতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় যাবতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
ড. শর্মা আরও জানান, সিঙ্গাপুরে ইতিমধ্যেই কিংবদন্তি গায়কের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাঁর মরদেহ ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে সিঙ্গাপুর প্রশাসন। তিনি জানান, রবিবার সকাল ৬-টা থেকে ৭-টার মধ্যে জুবিনের মরদেহ গুয়াহাটিতে পৌঁছানোর কথা। আজ বিকাল বা সন্ধার দিকে আগে মরদেহ দিল্লিতে পৌঁছার সম্ভাবনা রয়েছে। তবে মরদেহ পরিবহণের আনুষ্ঠানিক ব্যবস্থা সম্পন্ন না হওয়া পর্যন্ত দেহ পরিবারের কাছেই থাকবে।
মুখ্যমন্ত্রী জানান, জুবিনের নশ্বর দেহ গুয়াহাটিতে পৌঁছানোর পর প্রথমে কাহিলিপাড়ায় তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে, যাতে প্রয়াতের পরিবার শোক প্রকাশের জন্য একান্ত সময় পায়। এর পর মরদেহ সরুসজাইতে স্থানান্তরিত করা হবে। সেখানে জনসাধারণের জন্য তাঁদের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হচ্ছে। সরুসজাইয়ে হেলিপ্যাডের মাধ্যমেও অনুষ্ঠানস্থলে প্রবেশের সুবিধা দেওয়া হবে, জানান মুখ্যমন্ত্রী।
ভক্তদের কাছে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা নাগরিকদের এই সময়ের মধ্যে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি শুরু হওয়ার আগে তাঁর পরিবারকে ব্যক্তিগতভাবে শোক প্রকাশের সুবিধা দেওয়ারও আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গোটা রাজ্য জুবিন গার্গকে সম্মান ও শ্রদ্ধা জানাতে চায়। কিন্তু তাঁর পরিবারের সাথে নীরবতা এবং মর্যাদার সাথে প্রথম মুহূর্ত কাটানোর অধিকার আছে।
মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, জুবিন গার্গের শেষকৃত্যের দিন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল স্থগিত করা হবে এবং জনসাধারণের কার্যক্রম বন্ধ থাকবে। অফিস-কাছারি অর্ধদিবস ছুটি দেওয়া হবে যাতে কর্মচারীরাও তাঁদের হৃদয়ের স্পন্দনকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
No Comment! Be the first one.